রোমাকে পোড়াল বায়ার্ন

অলিম্পিক স্টেডিয়ামের ম্যাচটা তখন সবে শেষ হয়েছে। গ্যারি লিনেকারের টুইট, ‘বায়ার্নের ৭ গোল! নিরোর বাঁশির পর রোম আর কখনো এভাবে পোড়েনি!’
রোমান সম্রাট নিরোর শাসনামলে ৬৪ খ্রিষ্টাব্দে এক সর্বগ্রাসী অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে গিয়েছিল রোম। কথিত আছে, পুরো নগর যখন দাউ দাউ করে জ্বলছিল, নিরো তখন তাঁর বাঁশিতে ‘স্যাক অব ইলিয়ামে’র সুর তুলেছিলেন। পরশু সেই রোমের অলিম্পিক স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখ যে ‘তাণ্ডব’ চালাল সেটা সাবেক ইংলিশ স্ট্রাইকারকে যেন ওই ধ্বংসযজ্ঞের কথাই মনে করিয়ে দিয়েছে!
রোমের বিমান ধরার আগে মিউনিখে বায়ার্ন কোচ পেপ গার্দিওলা বলে গিয়েছিলেন, দুই দলের মধ্যে শক্তির খুব একটা ব্যবধান নেই। আর ম্যাচটা যেহেতু রোমার মাঠে, ড্র করে ফিরতে পারলেই খুশি থাকবেন তিনি। চ্যাম্পিয়নস লিগে পরশু রাতে ম্যাচটা হয়ে যাওয়ার পর স্কোরলাইন দেখে ওই কথাটাকে এখন রসিকতা বলেই মনে হচ্ছে। বায়ার্ন ৭, রোমা ১। একই রাতে বরিসভের জালেও ৭ গোল দিয়েছে শাখতার দোনেৎস্ক। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সমান ব্যবধানে তো বটেই, এর চেয়ে বড় জয়ও আছে। কিন্তু সিরি ‘আ’র সাবেক চ্যাম্পিয়নদের নিয়ে যেমন ছেলেখেলা করেছে বায়ার্ন, সেটা অনেক দিন দেখা যায়নি ইউরোপের ফুটবলে। ৩৬ মিনিটেই রোমার জালে ৫ গোল! প্রায় আধা ঘণ্টার মধ্যেই ম্যাচটাকে এমন একতরফা হয়ে যেতে দেখে কেউ কেউ তো টুইট করেছেন, ‘রোম একদিনে তৈরি হয়নি, কিন্তু ধ্বংস হয়েছে মাত্র ৩৬ মিনিটে!’
এদিকে রোমাকে নিয়ে বায়ার্নের এমন ছেলেখেলা, ওদিকে প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ছুঁয়ে শাখতারের ৭-০ গোলের জয় বরিসভের বিপক্ষে। একই রাতে মারিবরকে ৬-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে নিজেদের সবচেয়ে বড় জয়টা পেয়েছে চেলসিও। সব মিলিয়ে পরশু ৮ ম্যাচে ৪০ গোল! গত এক যুগেরও বেশি সময়ে এমন ‘গোলপ্রসবা’ রাত আর আসেনি চ্যাম্পিয়নস লিগে।
এই মৌসুমে লিগে নিজেদের ৭ ম্যাচে মাত্র ৪ গোল খেয়েছে রোমা। সেই দলটাকেই বায়ার্নের কাছে এমন বিধ্বস্ত হতে দেখে যেন হিসাব মেলাতে পারছে না ইতালিয়ান সংবাদমাধ্যম। ইতালিয়ান দৈনিক গাজেত্তা দেল্লো স্পোর্ত-এর শিরোনাম—‘রোমের পতন’। দেশটির আরেকটি ক্রীড়া দৈনিক তুত্তোস্পোর্ত লিখেছে, ‘রোমা, এভাবেও হারা যায়!’ আসলে হিসাব মিলছে না রোমা কোচ রুডি গার্সিয়ারও। ম্যাচের পরেই বলেছেন, ‘মনে হচ্ছে যেন একটা চপেটাঘাত খেলাম, আর সেটা ভীষণ ব্যথাও করছে। এ ধাক্কা সামলাতে হলে মানসিকভাবে শক্ত হতে হবে।’
এই বিশাল জয়ের পরও কিন্তু পা মাটিতেই রাখছেন গার্দিওলা। নিজের দলের আরও উন্নতির সুযোগ তো দেখছেনই, রোমার এই খেই হারিয়ে ফেলাটাকেও দেখছেন বিচ্ছিন্ন ঘটনা হিসেবে, ‘এ ম্যাচটা ব্যতিক্রম। এটা হয়ে গেছে আর কী! এই ফল দেখে দুই দলের ব্যবধান বোঝা যাবে না। দুই সপ্তাহ পর ওরা যখন ফিরতি ম্যাচ খেলতে আসবে তখনো এ রকম কিছু হবে এমন ভাবাটা ভুল।’
গোলবন্যার রাতে চ্যাম্পিয়নস লিগ একটা অন্যরকম ম্যাচের সাক্ষী হয়েছে মস্কোতে। ম্যানচেস্টার সিটির সঙ্গে সিএসকেএ মস্কো নিজের মাঠে ওই ম্যাচটা খেলেছে দর্শকশূন্য মাঠে! চ্যাম্পিয়নস লিগের ম্যাচে একাধিকবার সিএসকেএ সমর্থকেরা প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে বর্ণবাদী আচরণ করায় ম্যাচটি রুদ্ধদ্বার মাঠে খেলতে নির্দেশ দিয়েছিল উয়েফা। সমর্থকহীন মাঠে সিটির বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ সমতায় ম্যাচ শেষ করেছে সিএসকেএ। এবার চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে তিনটি ম্যাচ খেলল সিটি, জয় নেই একটিতেও, ড্র দুটি। গ্রুপ পেরোনোটা বেশ কঠিনই হয়ে গেছে ইংলিশ চ্যাম্পিয়নদের। তবে হাল ছাড়ছেন না সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি, ‘এখনো আমাদের তিনটি ম্যাচ বাকি। নকআউট পর্বে খেলার যথেষ্ট সুযোগ আছে।’ এএফপি, রয়টার্স, উয়েফা।
রেকর্ডের রাত
৮ ম্যাচে ৪০ গোল! চ্যাম্পিয়নস লিগের ফরম্যাট বদলের পর এটাই এক রাতে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। সব মিলিয়েও চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ গোলপ্রসবা রাত। এক রাতেই ৪৪ গোল হয়েছিল ১৯৯৭ সালের ১ অক্টোবর। তবে তখন এক দিনে খেলা হতো ১২টি। পরশু ৪০ গোলের ২১টিই হয়েছে বিরতির আগে। এক দিনে প্রথমার্ধে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এটাই।
৪০ গোলের ৮টি হয়েছে পেনাল্টি থেকে, যা পেনাল্টি থেকে এক দিনে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও। এর আগে পেনাল্টি থেকে এক দিনে সবচেয়ে বেশি গোল হয়েছিল ২০০০ সালের ১৩ সেপ্টেম্বর ও ২০১০ সালে ২৯ সেপ্টেম্বর। দুই দিনই ৬টি করে।
বেলারুশের বরিসভ অ্যারেনায় বাতে বরিসভের বিপক্ষে প্রথমার্ধেই ৬ গোল করেছে শাখতার দোনেৎস্ক। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে কোনো ম্যাচে বিরতির আগে ৬ গোল এই প্রথম।
বরিসভের বিপক্ষে শাখতারের ৭-০ চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষের মাঠে কোনো দলের সবচেয়ে বড় জয়। ২০১০ সালে অবশ্য অলিম্পিক মার্শেই-ও একই ব্যবধানে হারিয়েছিল স্লোভাকিয়ার ক্লাব এমএসকে জিলিনাকে।
এক নজরে ফল
সিএসকেএ ২ : ২ ম্যান সিটি
রোমা ১ : ৭ বায়ার্ন
বার্সেলোনা ৩ : ১ আয়াক্স
অ্যাপোয়েল ০ : ১ পিএসজি
শালকে ৪ : ৩ লিসবন
চেলসি ৬ : ০ মারিবর
বরিসভ ০ : ৭ শাখতার
পোর্তো ২ : ১ বিলবাও
* প্রথমে স্বাগতিক দল