দুরন্ত লড়াইয়ে জয় বার্সার

চার মিনিটেই তিন গোল! গোল আর পাল্টা গোলে কাল ন্যু ক্যাম্পে বার্সেলোনা ও ভিয়া রিয়ালের ম্যাচটি দারুণ জমে উঠেছিল। লা লিগার এই ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ভিয়া রিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা।
খেলাটা বার্সেলোনার জন্য মোটেও সহজ ছিল না। পয়েন্ট টেবিলের ছয় নম্বর দল হলেও টানা ১৮ ম্যাচে অপরাজিত থেকেই কাল বার্সার মুখোমুখি হয়েছিল ভিয়ারিয়াল। তবে ম্যাচে শুরুটা কিন্তু ভালোই করেছিল বার্সেলোনা।
খেলার দ্বাদশ মিনিটেই এগিয়ে যেতে পারত বার্সা। সুয়ারেজের প্রচেষ্টা ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দেন ভিয়ারিয়ালের গোলরক্ষক। ২১ মিনিটে একেবারে ফাঁকায় বল পেয়েও গোল করতে পারেননি ওই সুয়ারেজ।
৩০ মিনিটে বার্সেলোনাকে হতভম্ব করে ম্যাচে এগিয়ে যায় ভিয়া রিয়াল। খেলার স্রোতের বিপরীতেই আক্রমণটা করেছিল ভিয়ারিয়াল। বার্সেলোনার গোলে নেওয়া প্রথম শটেই বাজিমাত করে তারা। চেরি শেভের গোলটি অবশ্য প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে ফিরিয়ে নে নেইমার। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধের লড়াই।
ম্যাচের আসল নাটক জমে ওঠে ৫১ থেকে ৫৫ মিনিটের মধ্যে। ৫১ মিনিটে দুর্দান্ত এক প্রতিআক্রমণ থেকে ভিয়ারিয়ালকে ২-১ গোলে এগিয়ে দেন ভিয়েতো। এর ঠিক দুই মিনিটের মধ্যে বার্সেলোনার হয়ে স্কোরলাইন ২-২ করেন রাফিনহা।
উজ্জীবিত বার্স ৫৫ মিনিটে এগিয়ে যায় ৩-২ গোলে। পুরো ম্যাচে পার্শ্ব নায়ক হয়ে থাকা মেসি এবার দৃশ্যপটে আবির্ভূত হন। পুরো আলোটাই নিজের দিকে করে নেন তিনি দুর্দান্ত এক গোল করে। সূত্র: এএফপি।