রোমাঞ্চের অপেক্ষায় বার্নাব্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে ক্রিস্টিয়ানো রোনালদো। আজ বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ তাকিয়ে থাকবে তাঁর দিকেই। পরশু মাদ্রিদে l এএফপি
অনুশীলনে ক্রিস্টিয়ানো রোনালদো। আজ বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ তাকিয়ে থাকবে তাঁর দিকেই। পরশু মাদ্রিদে l এএফপি

রিয়াল মাদ্রিদের টানা দ্বিতীয় নাকি জুভেন্টাসের ১২ বছরের অপেক্ষার সমাপ্তি? সেমিফাইনালের প্রথম লেগে ২-১ গোলে জেতায় খানিকটা এগিয়ে জুভেন্টাস, তবে রিয়াল আজ খেলছে নিজেদের মাঠে।
আশার নাম বার্নাব্যু
গত কিছুদিন কোনো কিছুই যেন ঠিকঠাক হচ্ছে না রিয়ালের। একের পর এক চোট সমস্যায় জর্জরিত দল। এই সপ্তাহেই আবার ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র করে লা লিগার স্বপ্ন একরকম শেষই হয়ে গেছে। আনচেলত্তি এই বিরুদ্ধ সময়ে প্রেরণা খুঁজে নিতে পারেন ইতিহাস থেকে। নিজেদের মাঠে ইতালিয়ান প্রতিপক্ষের সঙ্গে ২৯টি ম্যাচের মাত্র ৬টিতে হেরেছে রিয়াল। সব মিলিয়ে বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ২২টি ম্যাচের মাত্র একটিতে হার, জয় ১৯টিতে। একমাত্র হারটি শালকের বিপক্ষে এই মৌসুমেই। প্রথম লেগে ২-১ গোলে পরাজয়ও রিয়ালকে হতোদ্যম করার বদলে সাহস জোগাতে পারে। এর আগে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হারের পর আট ম্যাচের পাঁচটিতেই জিতেছে রিয়াল। 
ফিরছে বিবিসি

.
.


১৪ এপ্রিল মাদ্রিদ-ডার্বির পর পেরিয়ে গেছে প্রায় এক মাস। বেল, বেনজেমা, রোনালদোর ত্রয়ী ‘বিবিসিকে’ এর পর আর একসঙ্গে মাঠে দেখা যায়নি। হাঁটুর চোটে বেনজেমা এক মাস বাইরে ছিলেন, বেলও চোট কাটিয়ে মাত্র গত সপ্তাহেই ফিরেছেন দলে। এই মৌসুমে তিনজনের মোট গোল ৯৩টি। আজ চোট কাটিয়ে বেনজেমার ফেরার কথা, কার্লো আনচেলত্তি সেটি খুব করেই চাইছিলেন। রিয়াল ও জুভেন্টাস দুদলেই খেলা সাবেক ডিফেন্ডার রবার্ট জার্নি তো ঘোষণার সুরে বলে দিয়েছেন, ‘বেনজেমা দলে ফিরলে রোনালদো, বেল আর ওকে থামাবে কে? আমার মনে হয়, মাদ্রিদ বার্নাব্যুতে কয়টা গোল করবে, সেটাই আসল প্রশ্ন।’
জুভেন্টাসের অপেক্ষা
অপেক্ষাটার বয়স এক যুগ। ২০০৩ সালের পর আর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা হয়নি ইতালিয়ান চ্যাম্পিয়নদের। জর্জো কিয়েলিনির কথাতে তাই বিস্ময়ের কিছু নেই, ‘এখানে এসেছি ১০ বছর হয়ে গেছে। ক্লাবে যোগ দেওয়ার পর এটাই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।’ জুভেন্টাসের ভরসা যদি হয় ফর্ম, প্রতিপক্ষ অবশ্যই ইতিহাস। এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ তিন ম্যাচে কোনো গোল খায়নি ‘তুরিনের বুড়ি’রা। তবে স্পেনের মাঠে রেকর্ডটা ঠিক আশাজাগানিয়া নয়, ২১টি ম্যাচে জয় মাত্র ৩টিতে।

প্রথম লেগে দুই গোল করে জিতিয়েছেন জুভেন্টাসকে। আজও তেভেজের ওপর চোখ থাকবে সবার l এএফপি
প্রথম লেগে দুই গোল করে জিতিয়েছেন জুভেন্টাসকে। আজও তেভেজের ওপর চোখ থাকবে সবার l এএফপি

রক্ষণ- দুশ্চিন্তা 
হঠাৎ করেই আনচেলত্তির মাথাব্যথার নাম হয়ে উঠেছে রক্ষণ। জুভেন্টাসের সঙ্গে আগের ম্যাচে রক্ষণের ভুলেই দুই গোল খেয়েছিল রিয়াল। সব মিলে গত পাঁচ ম্যাচের চারটিতেই অন্তত দুটি গোল ঢুকেছে রিয়ালের জালে। তোপের মুখে আছেন গোলরক্ষক ইকার ক্যাসিয়াস, শোনা যাচ্ছে এই মৌসুম শেষেই চলে যেতে পারেন। জুভেন্টাসের সঙ্গে ড্যানি কারভাহালের ভুলেই পেনাল্টি পেয়েছিল স্বাগতিকেরা। এবার কারভাহালের কণ্ঠে প্রত্যয়, ‘আমরা বল হারিয়ে ফেলায় ওরা হুমকি হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আমরা যদি শান্ত থাকি, তাহলে ম্যাচটা আমাদের পক্ষেই যাবে।’ উয়েফা ডট কম, এএফপি।

.
.