রোমাঞ্চের আগে জিদান, এনরিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিদান-এনরিকে। আজ রাতে হাসিটা কার মুখে থাকবে শেষ পর্যন্ত?-ফাইল ছবি
জিদান-এনরিকে। আজ রাতে হাসিটা কার মুখে থাকবে শেষ পর্যন্ত?-ফাইল ছবি

জানেন, ভাগ্যটা নিজেদের হাতে নেই। সে জন্য অন্যের অনুগ্রহের ওপর নির্ভর করতে হচ্ছে। নিজেদের কাজটাও অবশ্য ঠিকঠাক করতে হবে। আজ দেপোর্তিভোর সঙ্গে ম্যাচটা তো রিয়াল মাদ্রিদকে জিততে হবেই, প্রার্থনা করতে হবে গ্রানাডার সঙ্গে বার্সেলোনা যেন হোঁচট খায়। জিনেদিন জিদান এখন সে রকম সম্ভাবনার স্বপ্নই আঁকছেন চোখে।

কাল ম্যাচের আগে সংবাদ সমেলনে রিয়াল কোচ জিদান তাই আশার বাণীই শোনালেন, ‘আমরা বিশ্বাস করি, এখনো লিগ জেতা সম্ভব। আমাদের সেই বিশ্বাস আছেও। আর থাকবে নাই–বা কেন? আমরা টানা ১১টি ম্যাচ জিতেছি। আমরা বার্সেলোনার চেয়ে মাত্র ১ পয়েন্ট পেছনে, শেষ সেকেন্ড পর্যন্ত আমরা বিশ্বাস রেখে যাব। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ শনিবার, আমরা অবশ্যই সেটি থেকে ৩ পয়েন্ট পেতে চাইব।’
আজকের ম্যাচটা যে বাঁচা-মরার লড়াই, সেটা বার্সার ক্ষেত্রেও প্রযোজ্য। বার্সার ভাগ্য অবশ্য নিজেদের হাতে, আজ জিতলেই তারা চ্যাম্পিয়ন। এনরিকেও মানলেন, আজকের ম্যাচটা মহাগুরুত্বপূর্ণ, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, কোনো সন্দেহ নেই আজকের ম্যাচের ওপরেই আমাদের শিরোপা নির্ভর করছে।’
কিন্তু ‘জিততেই হবে’, এই ব্যাপারটা কি বার্সার ওপর বাড়তি চাপ হয়ে দাঁড়াচ্ছে? এনরিকে সে জন্যই হয়তো মনে করিয়ে দিলেন, ‘শেষ দিনের আলাদা একটা স্নায়ুচাপ তো আছেই। সেই হিসেবে ম্যাচটা সহজ হবে না। কিন্তু এমনিতে এটা আর দশটা ম্যাচের মতোই।’ খেলোয়াড়দের ওপরও আস্থা রাখছেন, ‘আমরা অন্য দলের চেয়ে আলাদা। এরা একসঙ্গে অনেক কিছুই জিতেছে, সব ধরনের পরিস্থিতি সামলেছে। এই ধরনের চাপ নিতে আমরা অভ্যস্ত। বার্সেলোনা খেলোয়াড়দের জন্য এসব ম্যাচ খুব বেশি আলাদা কিছু হওয়া উচিত নয়। আমার মনে হয় খেলোয়াড়দের প্রেরণার দরকার নেই। আমাদের শুধু নিশ্চিত করতে হবে ওরা যাতে অতিরিক্ত উত্তেজিত না হয়ে যায়।’
একটা রোমাঞ্চভরা রাতের জন্য অপেক্ষা এখন করাই যায়!