রোমাঞ্চের নাম লা লিগা
উয়েফার সূচক বলে, এটি ইউরোপের সেরা লিগ। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো নামের দুই ফুটবলারও আছেন। স্প্যানিশ লিগের আকর্ষণ বোঝাতে আর কী লাগে! বাংলাদেশের ফুটবলপ্রেমীদের রাত জাগার উপলক্ষ হয়ে যাওয়া লিগটির ৮৭তম মৌসুম শুরু হচ্ছে আজ। তবে মূল আকর্ষণ আগামীকাল থেকে। অ্যাটলেটিকো মাদ্রিদ মাঠে নামছে কাল, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা পরশু। লিগ শিরোপার লড়াই তো সব সময়ই বার্সা-রিয়ালের মধ্যেই। ডিয়েগো সিমিওনে আসার পর গত কয়েক বছরে তাতে যোগ হয়েছে অ্যাটলেটিকোও। এবারও কি ‘তিন ঘোড়া’র লড়াই-ই?
রিয়াল মাদ্রিদ
পরিষ্কার ফেবারিট
অন্য সব চিন্তা ছেড়ে জিনেদিন জিদানের মাথায় এখন এটাও ঘুরতে পারে—গত মৌসুম যেমন দুর্দান্ত কেটেছে রিয়াল মাদ্রিদের, এর চেয়ে ভালো করা কীভাবে সম্ভব? রিয়ালে এটাই জিদানের দ্বিতীয় পূর্ণাঙ্গ মৌসুম। সেটি রিয়াল শুরু করছে স্পেন, ইউরোপ ও বিশ্ব চ্যাম্পিয়ন ক্লাবের মুকুট মাথায় নিয়ে। এই দলটার খেলার ধরন দৃষ্টির জন্য প্রশান্তি। রক্ষণে, মাঝমাঠে, আক্রমণে—অভিজ্ঞতা ও তারুণ্যের দুর্দান্ত সমন্বয়ে গড়া রিয়ালের দুর্বলতা খুঁজে পাওয়াও কঠিন। দুর্দান্ত ক্রিস্টিয়ানো রোনালদোকে আরও দুর্দান্ত করে তুলেছেন জিদান। অ্যাসেনসিও-ভাসকেজদের মতো তরুণেরাও জ্বলে উঠছেন নিয়মিত। গত মৌসুমে ডিফেন্সিভ মিডফিল্ডে কাসেমিরোর কোনো বিকল্প ছিল না, এবার সেখানে এসেছেন মার্কোস ইয়োরেন্তে। তবে মোরাতা চলে যাওয়ায় স্ট্রাইকার হিসেবে বেনজেমা-রোনালদোই ‘দুইমাত্র’ ভরসা। এঁদের কেউ চোটে পড়লে? গত মৌসুমে শেষ দিকে রোনালদোকে যেমন বিশ্রাম দিয়ে দিয়ে খেলিয়েছেন, এবার তা পারবেন জিদান?
এলেন
সেবায়োস, হার্নান্দেজ, ভায়েহো, ইয়োরেন্তে
গেলেন
মোরাতা, দানিলো, হামেস, পেপে, কোয়েন্ত্রাও (ধারে)
বার্সেলোনা
পরীক্ষার মৌসুম
এক দশকের মধ্যে সম্ভবত এবারই সবচেয়ে অগোছালো দশা বার্সেলোনার। পিএসজিতে চলে যাওয়া নেইমারের শূন্যতা এখনো পূরণ হয়নি। কুতিনহো-ডেম্বেলেদের আনবে আনবে করেও এখনো আনতে পারেনি। ওই দুই দলবদলের ওপরই অনেকটা নির্ভর করছে, নিজের প্রথম মৌসুমে আর্নেস্তো ভালভার্দের পরীক্ষাটা কতটা কঠিন হবে। দেউলোফেউকে দিয়ে নেইমারের অভাব ঘোচানোর চিন্তা অবান্তর, নতুন আসা পাওলিনহোকে পছন্দ নয় বার্সা-ভক্তদের। ইনিয়েস্তা ‘বুড়িয়ে’ যাচ্ছেন, বুসকেটস-পিকে-সুয়ারেজদের ফর্মের অবস্থাও ইসিজি পরীক্ষায় হার্টবিটের রেখার মতো। সব মিলিয়ে এ মুহূর্তে রিয়ালের ঠিক উল্টো অবস্থাই কাতালানদের। কি রক্ষণ, কি মাঝমাঠ, কি আক্রমণ...সবখানেই অপূর্ণতা। মাঠের বাইরেও অস্থিরতা, সভাপতি হোসে মারিয়া বার্তোমেউকে পত্রপাঠ বিদায় দিতে আন্দোলনই শুরু হয়ে গেছে। তবে প্রশ্নটা যখন মাঠের পারফরম্যান্সের, শেষ পর্যন্ত আবারও লিওনেল মেসিকেই হয়তো হতে হবে ‘মেসাইয়া’—উদ্ধারকর্তা!
এলেন
পাওলিনহো, সেমেদো, দেউলোফেউ, স্যাম্পার
গেলেন
নেইমার, তেয়ো, ম্যাথিউ
অ্যাটলেটিকো মাদ্রিদ
নতুন মাঠ নতুন স্বপ্ন
ভিসেন্তে ক্যালদেরনের ৫১ বছরের মায়া কাটিয়ে এবার অ্যাটলেটিকো মাদ্রিদের ঠিকানা নতুন স্টেডিয়াম ওয়ান্ডা মেট্রোপলিতানো। নতুন মৌসুমের জন্য এর চেয়ে বড় প্রেরণা আর কী হতে পারে! ফিফার আরোপিত দলবদল নিষেধাজ্ঞার কারণে এবার কোনো খেলোয়াড় কিনতে পারেনি ডিয়েগো সিমিওনের দল। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহকে জয় করে আঁতোয়ান গ্রিজমানকে ধরা রাখা গেছে। গত পাঁচ মৌসুমে চারবারই তিনে থেকে লিগ শেষ করা (২০১৩-১৪ মৌসুমে চ্যাম্পিয়ন) অ্যাটলেটিকোর মূল খেলোয়াড়দের কেউই দল ছেড়ে যাননি। বরাবরের মতোই ভরসা জমাট রক্ষণ। গত দুই মৌসুমে ৩৮ ম্যাচের লিগে অ্যাটলেটিকো গোল খেয়েছে যথাক্রমে ২৭ ও ১৮টি! আর ডিয়েগো সিমিওনে তো আছেনই। গুঞ্জন সত্যি হলে, এটিই হতে পারে অ্যাটলেটিকোতে আর্জেন্টাইন কোচের শেষ মৌসুম। তা-ই যদি হয়, শেষটাকে তো রাঙিয়ে যেতেই চাইবেন তিনি!
এলেন
৩১ ডিসেম্বর পর্যন্ত দলবদলে নিষিদ্ধ
গেলেন
হার্নান্দেজ, অলিভার তোরেস, ক্রানেভিতার
LFP
৮৭
১৯২৯ সালে শুরু লা লিগার এটি ৮৭তম আসর
৮৬
আগের সব কটি লিগেই খেলেছে তিনটি দল—রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও বিলবাও।
৩৩
সবচেয়ে বেশিবার লিগ জিতেছে রিয়াল। রিয়াল ছাড়া শিরোপা–সংখ্যা দুই অঙ্কের ঘরে নিতে পেরেছে বার্সা (২৪) ও
অ্যাটলেটিকো (১০)।
১০০
এক মৌসুমে ১০০ পয়েন্ট পাওয়া প্রথম দল রিয়াল (২০১১-১২)। যে কীর্তি পরের মৌসুমেই ছুঁয়েছে বার্সেলোনা।
৩২
এক মৌসুমে সবচেয়ে বেশি জয়—রিয়াল ( ২০১১-১২) ও বার্সার (২০১২-১৩)।
১২-১
সবচেয়ে বড় জয়। ১৯৩১ সালে বার্সার বিপক্ষে বিলবাওয়ের।
গত দশ মৌসুমের চ্যাম্পিয়ন
২০১৬-১৭ রিয়াল মাদ্রিদ
২০১৫-১৬ বার্সেলোনা
২০১৪-১৫ বার্সেলোনা
২০১৩-১৪ অ্যাট. মাদ্রিদ
২০১২-১৩ বার্সেলোনা
২০১১-১২ রিয়াল মাদ্রিদ
২০১০-১১ বার্সেলোনা
২০০৯-১০ বার্সেলোনা
২০০৮-০৯ বার্সেলোনা
২০০৭-০৮ রিয়াল মাদ্রিদ