>শেষ হয়ে গেল ইউরোপিয়ান ফুটবলের আরেকটি রোমাঞ্চভরা মৌসুম। চারটি লিগে প্রথাগত বড় দলগুলোরই জয়জয়কার। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, পিএসজি সবাই শিরোপা ধরে রেখেছে। তবে ইংলিশ লিগে লেস্টার সিটির জয় ফুটবল ইতিহাসেরই সবচেয়ে বিস্ময়কর গল্পগুলোর একটি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সেই গল্পগুলো আরেকবার মনে করা যাক...
সিনেমাটা একটু ঢিমেতালেই শুরু হয়েছিল। মাঝামাঝি গিয়ে মনে হচ্ছিল, শেষটা একেবারে ম্যাড়মেড়ে হবে। কিন্তু হঠাৎই ‘ইউটার্ন’ নিল কাহিনি, জমে উঠল ছবি। শেষ পর্যন্ত সেটি শেষ হলো স্নায়ুক্ষয়ী উত্তেজনায়। এটাই লা লিগার এই মৌসুমের ছবি!

মৌসুমের একেবারে শেষ ম্যাচে গিয়ে শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। অথচ মার্চেও মনে হচ্ছিল, তাদের শিরোপাজয় শুধুই সময়ের ব্যাপার। টানা ৩৯ ম্যাচ অপরাজিত থেকে বার্সা তখন উড়ছে, এল ক্লাসিকোতে হেরে শেষ হয় সেই অপরাজিত যাত্রার। এর পর হঠাৎ ঝড়ে এলোমেলো মেসিরা, পরের দুটি ম্যাচেও হার। দুই নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো-রিয়াল তখন গায়ের ওপর নিশ্বাস ফেলতে শুরু করেছে। শিরোপার লড়াই থেকে মৌসুম শেষের আগের সপ্তাহে ছিটকে পড়ল অ্যাটলেটিকো। কিন্তু ঠিক সময়ে নিজেদের ফিরে পেল বার্সেলোনা, শেষ ৫ ম্যাচ জিতে ধরে রাখল লা লিগার শিরোপা।
দুইয়ে থেকেই রিয়ালকে সন্তুষ্ট থাকতে হয়েছে, কিন্তু জানুয়ারিতে সেটিই বা কে ভেবেছিল? এল ক্লাসিকোতে ৪ গোলে হারের পর বিদায় নেন রাফায়েল বেনিতেজ, নতুন কোচ জিনেদিন জিদান। রিয়াল তখন ছিল তিনে, শিরোপা লড়াইয়ে ফিরবে সেটা খুব কম লোকই ভেবেছিলেন। কিন্তু শেষ ১১ ম্যাচ জিতে শেষ পর্যন্ত আশা বাঁচিয়ে রাখেন রোনালদোরা। জিদানকে নিয়ে চূড়ান্ত কিছু বলার সময় এখনো আসেনি, তবে ডাগ-আউটে যে থাকতেই এসেছেন সেই বার্তাটা তিনি দিয়েছেন। লা লিগাকে আনুষ্ঠানিকভাবে তিন ঘোড়ার দৌড়ে পরিণত করে তুলতে অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনেকেও দিতে হবে কৃতিত্ব।
শিরোপার মতো অবনমনের লড়াইটাও রোমাঞ্চ ছড়িয়েছে। লেভান্তে ও গেটাফের সঙ্গে মৌসুম শেষের নাটকীয়তায় বাদ পড়েছে রায়ো ভায়েকানো।
ঘরে দাপট
সাতে থেকে লা লিগা শেষ করেছে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া। কিন্তু পুরো মৌসুমে প্রতিপক্ষের মাঠে গিয়ে তারা একটা ম্যাচও জেতেনি।
লা লিগার শীর্ষ পাঁচ
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
বার্সেলোনা ৩৮ ২৯ ৪ ৫ ১১২/২৯ ৯১
রিয়াল মাদ্রিদ ৩৮ ২৮ ৬ ৪ ১১০/৩৪ ৯০
অ্যাটলেটিকো ৩৮ ২৮ ৪ ৬ ৬৩/১৮ ৮৮
ভিয়ারিয়াল ৩৮ ১৮ ১০ ১০ ৪৪/৩৫ ৬৪
বিলবাও ৩৮ ১৮ ৮ ১২ ৫৮/৪৫ ৬২
অনবনমন: লেভান্তে, গেটাফে ও রায়ো ভায়েকানো
তাঁদের ছাপিয়ে সুয়ারেজ
লিওনেল মেসি, না হলে ক্রিস্টিয়ানো রোনালদো। গত ছয় বছরে লা লিগার পিচিচি ট্রফিটা এই দুজনই জিতেছেন পালাক্রমে। লুইস সুয়ারেজ অবশেষে দুজনের ছায়া থেকে বেরিয়ে চেনালেন নিজেকে। মেসি-রোনালদোর পর এই প্রথম কেউ লা লিগায় ৪০ গোল করলেন। ফিফা-ব্যালন ডি’অরের জন্য নিজের দাবিটাও জোরেশোরে জানিয়ে রাখলেন বার্সেলোনার উরুগুইয়ান স্ট্রাইকার।
সর্বোচ্চ গোলদাতা
গোল খেলোয়াড় ক্লাব
৪০ লুইস সুয়ারেজ বার্সেলোনা
৩৫ ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ
২৬ লিওনেল মেসি বার্সেলোনা
২৪ করিম বেনজেমা রিয়াল মাদ্রিদ
২৪ নেইমার বার্সেলোনা