রোমার কাছে হারল রিয়াল মাদ্রিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সিসকো টট্টির এই শট থেকেই বল জড়িয়ে গেছে রিয়াল মাদ্রিদের জালে। ১-০ গোলের জয় পেয়েছে রোমা। ছবি: রয়টার্স
ফ্রান্সিসকো টট্টির এই শট থেকেই বল জড়িয়ে গেছে রিয়াল মাদ্রিদের জালে। ১-০ গোলের জয় পেয়েছে রোমা। ছবি: রয়টার্স

প্রাক-মৌসুম প্রস্তুতির সময়টা খুব একটা ভালো কাটছে না রিয়াল মাদ্রিদের। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের প্রথম ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে টাইব্রেকারে হারের পর আজ ইতালির আরেক শীর্ষ ক্লাব রোমার বিপক্ষেও জয় পায়নি রিয়াল। মাঠ ছেড়েছে ১-০ গোলের হার নিয়ে।

গত বছর এই প্রাক-মৌসুম প্রীতি টুর্নামেন্টের শিরোপাটা গিয়েছিল রিয়ালের ঘরে। কিন্তু এবার টানা দুটি ম্যাচ হেরে শিরোপা জয়ের লড়াই থেকে ছিটকে পড়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগজয়ীরা। গ্রুপ পর্বে রিয়াল শেষ ম্যাচটি খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।

আজ রোমার বিপক্ষে প্রথমার্ধে রিয়ালই খেলেছিল আধিপত্য বিস্তার করে। বেশ কয়েকবার রোমার রক্ষণভাগে আতঙ্কও ছড়িয়েছেন গ্যারেথ বেল। ২০ মিনিটের মাথায় গোলের সুযোগও পেয়েছিলেন ওয়েলসের এই উইঙ্গার। কিন্তু তাঁর শট চলে যায় গোলপোস্টের বাইরে দিয়ে। প্রথমার্ধের শেষ পর্যায়ে পেপেও গোলবঞ্চিত হয়েছেন রোমার ডিফেন্ডারদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে।

দ্বিতীয়ার্ধে, ৫৮ মিনিটের মাথায় দারুণ এক গোল করে রোমাকে এগিয়ে দেন ফ্রান্সিসকো টট্টি। শেষ পর্যন্ত এই এক গোলের ব্যবধানেই জয় পেয়েছে ইতালিয়ান ক্লাবটি।

আজ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের অপর ম্যাচে ইন্টার মিলানকে টাইব্রেকারে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর পেনাল্টি শুটআউটে ৫-৩ গোলের জয় পেয়েছেন লুইস ফন গালের শিষ্যরা।