রোমারিও-রোনালদিনহোদের দেখানো পথে নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদিনহোদের দেখানো পথে হাঁটছেন নেইমার। ফাইল ছবি।
রোনালদিনহোদের দেখানো পথে হাঁটছেন নেইমার। ফাইল ছবি।

সামাজিক যোগাযোগের মাধ্যমে দুটি ছবির একটি কোলাজ বেশ চোখে পড়ে। প্রথম ছবিতে রোনালদিনহোর ঘাড়ে চড়ে আছেন তরুণ লিওনেল মেসি, তার পাশের ছবিতে এখনকার মেসি জড়িয়ে ধরেছেন নেইমারকে। পাশে ক্যাপশন থাকে—লিগ্যাসি! 

রোনালদিনহোর হাত থেকে বার্সেলোনার আক্রমণের ব্যাটন পেয়েছিলেন মেসি। নিজেকে, পাশাপাশি বার্সেলোনাকেও অন্য উচ্চতায় নিয়ে গেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর এখন যা অবস্থা, তাতে মেসির পরও বার্সেলোনাকে আক্রমণের নেতা খুঁজতে কষ্ট করতে হবে না। নেইমার আছেন না! ২৪ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে সব সময়ই বলা হয়, মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ সেরা।
তা যদি হয়, তবে সবচেয়ে খুশি হবেন রোনালদিনহো। গর্ব করবে ব্রাজিল। রোমারিও, রিভালদো, রোনালদো, রোনালদিনহো...যুগে যুগে বার্সেলোনার ইতিহাস রাঙিয়ে যাওয়া ব্রাজিলিয়ানদের সারিতে যে যোগ হবে আরেকটি নাম!
ইতিহাসকে বর্তমানের সঙ্গে মেলানোর কাজ একটু অন্যভাবে করছে বার্সা। দুদিন আগে ক্লাবে ফিরিয়ে এনেছে প্রিয় ‘রোনি’কে। মাঠে তো আগের মতো জাদু ছড়ানোর ফিটনেস আর নেই, কাতালান ক্লাবটিতে রোনালদিনহোর নতুন পরিচয়—ক্লাবের শুভেচ্ছাদূত!

মেসির হাত থেকে বার্সেলোনার আক্রমণের দায়িত্বটা এক সময় হয়তো নেইমারের কাছেই যাবে। ফাইল ছবি।
মেসির হাত থেকে বার্সেলোনার আক্রমণের দায়িত্বটা এক সময় হয়তো নেইমারের কাছেই যাবে। ফাইল ছবি।

বার্সেলোনায় শুভেচ্ছাদূত হিসেবে তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হয় গতকাল। সেখানেই কিংবদন্তি ব্রাজিলিয়ান মিডফিল্ডার বললেন উত্তরসূরি নেইমারকে নিয়ে তাঁর উচ্ছ্বাসের কথা, ‘নেইমার এখনই একজন বড় তারকা, খেলছেও দুর্দান্ত। আরেকজন ব্রাজিলিয়ান নতুন করে ইতিহাস লিখছে, বিশ্বের সেরা ফুটবলারদের একজন হয়ে উঠছে, এটা দেখাটাও অনেক তৃপ্তির।’
২০১৩ সালে সান্তোস থেকে আসার পর বার্সেলোনায় সবই জিতেছেন নেইমার। এভাবে চালিয়ে যেতে থাকলে পূর্বসূরিদের কীর্তিও ছুঁয়ে ফেলা তাঁর জন্য সময়ের ব্যাপার। রোমারিও, রিভালদো, রোনালদোরা যে পথ দেখিয়েছিলেন, যে পথে হেঁটেছেন রোনালদিনহোও, সে পথেই যেন ছুটছেন নেইমার। রোনালদিনহোও উত্তরসূরিকে ঘিরে সেই স্বপ্ন দেখছেন, ‘রোমারিও, রিভালদো, রোনালদোরা আমার জন্য দরজা খুলে দিয়েছিলেন। আর আমি ওর জন্য একই কাজ করেছি। ব্রাজিলিয়ান ফুটবলারদের একের পর এক প্রজন্মের খেলোয়াড়েরা এখানে এসে নিজেদের নাম আলোকিত করছে, দেখতে ভালোই লাগে। সময়টাকে নিজের করে নিতে পারলে নেইমারও আমাদেরই মতো এমন কিছু করবে।’
নেইমার প্রশংসা পেলেন, তাহলে মেসিই বা রোনির প্রশংসা পাওয়া থেকে বাদ যাবেন কেন! আর্জেন্টাইন ফরোয়ার্ডের শুরুর সময়টাতে তো তাঁকে বড় ভাইয়ের স্নেহে আগলে রেখেছিলেন রোনালদিনহোই। বার্সেলোনার জার্সিতে মেসির প্রথম গোলটাও রোনালদিনহোর বানিয়ে দেওয়া। দুজনের সেই বন্ধুত্ব এখনো আগের মতোই আছে।

রোনালদিনহোর প্রিয় সেই ছবি, বার্সায় মেসির প্রথম গোলের পর। ফাইল ছবি।
রোনালদিনহোর প্রিয় সেই ছবি, বার্সায় মেসির প্রথম গোলের পর। ফাইল ছবি।

সেই বন্ধুরও প্রশংসা করলেন রোনালদিনহো, ‘মেসি বিশ্বের সেরা খেলোয়াড়, ওর মতো দ্বিতীয় কেউ নেই। আর ও এখনো এমন অদ্বিতীয়, কারণ ও যখন এখানে শুরু করেছিল তখন যেমন ছিল, এখনো তেমনই আছে। বদলায়নি।’
দেশের হয়ে কিছু জিততে পারেননি বলে মেসিকে নিয়ে অনেক সমালোচনা আছে। তবে তা জিতুন আর না জিতুন, এটা সত্যি, ফুটবল ইতিহাসে আর্জেন্টাইন ফরোয়ার্ডের জায়গা এরই মধ্যে হয়ে গেছে সেরাদের সারিতে। রোনালদিনহো নিজেও সেই সারিতেই আছেন, পাশাপাশি তাঁর তৃপ্তি মেসিরও স্বপ্নযাত্রার শুরুতে থাকতে পেরে, ‘যে মুহূর্তে আমি ওর প্রথম গোলে সহযোগিতা করলাম, তখনই ফুটবলের ইতিহাসে নতুন একটা অধ্যায় শুরু হয়ে গিয়েছিল। ওই ছবিটা (মেসির প্রথম গোলের পর, রোনালদিনহোর ঘাড়ে চড়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড) আমি অনেক পছন্দ করি। মেসি অনেক ছোট্ট ছিল, আর এই মুহূর্তটি থেকেই সবকিছুর শুরু। ওর প্রথম পদক্ষেপের অংশ হতে পারা আমার জন্য দুর্দান্ত!’
কে জানে, কয়েক বছর পর এমন কিছু হয়তো মেসিও বলবেন। নেইমারকে নিয়ে। সূত্র: ফোরফোরটু।