রোমায় টট্টির নতুন অধ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সেসকো টট্টি
ফ্রান্সেসকো টট্টি

২৮ মে ২০১৭—জেনোয়ার বিপক্ষে সিরি ‘আ’র ম্যাচ শেষে পুরো অলিম্পিক স্টেডিয়াম চক্কর দিয়েছেন ফ্রান্সেসকো টট্টি। দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন চোখের জলে। কেঁদে কেঁদেই আলিঙ্গন করেছিলেন সতীর্থদের। প্রিয় ক্লাব রোমার হয়ে সেটিই যে ছিল টট্টির শেষ ম্যাচ।

রোমার হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেও ২৫ বছরের ক্যারিয়ারে তখনই যতি টানেননি সাবেক ইতালিয়ান ফরোয়ার্ড। সেই সময়ে তাঁকে পেতে চেয়েছিল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সারির ফুটবলের দল মায়ামি, যে ক্লাবটির কোচ তাঁর ইতালি দলের সাবেক সতীর্থ আলেসান্দ্রো নেস্তা। টট্টির সঙ্গে কথা বলেছিল জাপানের ক্লাব টোকিও ভার্ডিও। কিন্তু রোমাতেই রয়ে গেলেন টট্টি। খেলোয়াড়ি জীবনের অবশ্য ইতি টেনে দিয়েছেন। যে ক্লাবটিতে পুরো খেলোয়াড়ি জীবনটা কাটিয়েছেন, এবার তাঁকে দেখা যাবে সেই ক্লাবের পরিচালকের ভূমিকায়।

রোমা আগে থেকেই চাইছিল টট্টি ক্লাবটিতে পরিচালকের ভূমিকায় আসুন। গত পরশু আনুষ্ঠানিকভাবে তাদের প্রস্তাবে রাজি হওয়ার কথা জানিয়েছেন তিনি, ‘২৮ মে ২০১৭ তারিখটিকে আমার খেলোয়াড়ি জীবনের শেষ দিন ধরে শুরু করব। আমার জন্য দিনটি ছিল ঐতিহাসিক। খুব আবেগের এক দিন। ... প্রথম পর্ব শেষ, যেটা ছিল খেলোয়াড়ি জীবন। এখন একজন পরিচালক হিসেবে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের শুরু। আশা করছি, মাঠের মতো এখানেও প্রভাব ফেলতে পারব।’

রোমার হয়ে আরও কিছুদিন খেলার ইচ্ছা ছিল ৪০ বছর বয়সী টট্টির। তবে ক্লাবটির নতুন ক্রীড়া পরিচালক মনচি তাঁকে খেলোয়াড় হিসেবে আর চুক্তিবদ্ধ করতে চাননি। পরিচালক হিসেবে কোচ ইউসেবিও ডি ফ্রান্সেসকো আর মনচির সঙ্গেই কাজ করবেন টট্টি। খেলোয়াড়ি জীবনের ইতি টেনে রোমার কিংবদন্তি কিছুটা আবেগাপ্লুতও, ‘খেলতে পারাটা অবশ্যই অসাধারণ ব্যাপার। তবে সবকিছুরই শেষ আছে...২৫ বছর খেলেছি। এর চেয়েও অসাধারণ বিষয় ছিল রোমার সঙ্গে আমার সম্পর্কটা।’

১৯৮৯ সালে ১৩ বছর বয়সে রোমার যুবদলে নাম লিখিয়েছিলেন টট্টি। তিরানব্বইতে ১৬ বছর বয়সে অভিষেক হয় মূল দলে। ২৫ বছরে ১৬ জন কোচের অধীনে ৭৮৬টি ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে গোল ৩০৭টি। এর মধ্যে সিরি ‘আ’তে ২৫০টি। যে সংখ্যাটা সিলভিও পিওলার পর সিরি ‘আ’র দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা করে দিয়েছে তাঁকে।

২০০৬ সালে ইতালির বিশ্বকাপজয়ী দলের সদস্য টট্টি অবশ্য রোমার হয়ে শিরোপা খুব বেশি জিততে পারেননি। ২০০১ সালে সিরি ‘আ’ জিতেছেন। এ ছাড়া দুবার জিতেছেন ইতালিয়ান কাপ। পরিচালক টট্টি কি খেলোয়াড় টট্টিকে ছাড়িয়ে যেতে পারবেন? সেটা সময়ই বলবে। তবে নতুন চ্যালেঞ্জ জয় করতে তাঁর চেষ্টার কোনো কমতি থাকবে না বলে জানালেন, ‘সেই একই আবেগ আর প্রতিজ্ঞা নিয়ে কাজ করতে উন্মুখ হয়ে আছি, যেমনটা খেলোয়াড়ি জীবনে ছিল।’ রয়টার্স, এএফপি।