রোহো অবশেষে ইউনাইটেডেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহো তবে চলেই এলেন ইউনাইটেডে। ছবি: টেলিগ্রাফ।
রোহো তবে চলেই এলেন ইউনাইটেডে। ছবি: টেলিগ্রাফ।

মার্কোস রোহোকে চেনেন? ব্রাজিল বিশ্বকাপ শুরুর আগে অন্য দলের সমর্থক দূরে থাক, পাঁড় আর্জেন্টিনা সমর্থককে এ প্রশ্নের উত্তর দিতে মাথা চুলকাতে হতো! সামর্থ্যের প্রমাণ দিয়ে সেই রোহো চলে এলেন পাদপ্রদীপে। কদিন ধরেই গুঞ্জন, পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের এ ডিফেন্ডার নাম লেখাতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। গুঞ্জনটাই সত্যি হলো অবশেষে।
আর্জেন্টিনার রেডিও ‘কন্টিনেন্টাল’-এ দেওয়া এক সাক্ষাত্কারে বিষয়টি নিশ্চিত করেছেন রোহো। বললেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হওয়া স্বপ্নের মতো। তবে স্পোর্টিং (লিসবন) ছাড়াটাও সহজ ছিল না।’
কেন লুই ফন গালের দলকে বেছে নিলেন ২৪ বছর বয়সী এ আর্জেন্টিনা ডিফেন্ডার? এস্তাদিয়ান্তেসে খেলার সময় সাবেক ইউনাইটেড মিডফিল্ডার স্বদেশি হুয়ান ভেরনই নাকি রোহোকে পরামর্শ দিয়েছিলেন ওল্ড ট্র্যাফোর্ডে যেতে। বললেন, ‘এস্তাদিয়ান্তেসে খেলার সময় ভেরনই তাদের সম্পর্কে (ইউনাইটেড) আমাকে বলেছিলেন।’ দুই কোটি ইউরোতে আর্জেন্টিনা ডিফেন্ডারের সঙ্গে চার বছরের চুক্তি হতে যাচ্ছে ইউনাইটেডের। স্বাস্থ্য পরীক্ষার জন্য আজই বিলেত উড়াল দিতে পারেন রোহো। তথ্যসূত্র: টেলিগ্রাফ।