রোহো ইউনাইটেডের ইতিহাসেই 'উল্কিময়' খেলোয়াড়!
গায়ে উল্কি আঁঁকার সংস্কৃতিটা ফুটবলারদের কাছে নতুন কিছু না। ম্যানচেস্টার ইউনাইটেডের দুই তারকা ডেভিড বেকহাম ও ওয়েইন রুনি সুপরিচিত ছিলেন তাঁদের উল্কির জন্য। কিন্তু এবার সবাইকেই পেছনে ফেলে দিচ্ছেন মার্কোস রোহো। আর্জেন্টাইন এই ডিফেন্ডারই হয়তো হয়ে যাবেন ম্যানইউ ইতিহাসের সবচেয়ে উল্কিময় খেলোয়াড়।
পুরো শরীরটাকেই দারুণ এক শিল্পকর্ম বানিয়ে ফেলেছেন রোহো। দুই হাতজুড়েই আছে নানা ধরনের আঁঁকিবুঁকি। ফুটবলটা যে তাঁর গর্ব আর গৌরবের জায়গা, সেটা স্মরণ করিয়ে দিয়েছেন দুই পায়ের উল্কি দিয়ে। ডান পায়ে লিখেছেন ‘গর্ব’ আর বাঁ পায়ে ‘গৌরব’। রোহোর কাছে পরিবারটা যে অনেক কিছু, সেটা সহজেই টের পাওয়া যায় বুকের উল্কিটার দিকে তাকালে। সেখানে লেখা আছে, ‘আমার পরিবারের জন্য’।
২০০৯ সালে আর্জেন্টাইন ক্লাব এস্তুদিয়েন্তেসের হয়ে কোপা লিবার্তোদোরেস জয়ের স্মৃতিটাও উল্কি এঁকে সংরক্ষণ করেছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। এঁকেছেন লিবার্তোদোরেস শিরোপার ছবি। আগামী দিনে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কোনো শিরোপা জয়ের পর হয়তো রোহোর শরীরে যুক্ত হতে পারে আরও নতুন নতুন উল্কি।
২০০৮ সালে পেশাদারি ক্যারিয়ার শুরু হলেও ইউরোপিয়ান ফুটবলে খুব বেশি পরিচিত ছিলেন না রোহো। এবারের ব্রাজিল বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখিয়েই এসেছেন আলোচনায়। ১৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাঁকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।— মেইল অনলাইন