
আলো-আঁধারির বঙ্গবন্ধু স্টেডিয়ামটা দেখতে মায়াবী লাগে। ম্যাচ শেষ হওয়ার ঘণ্টা খানেক পরও সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস পড়ল অনেকের। অনেক আশার বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচটা মরীচিকা হয়ে মিলিয়ে যাবে কে ভেবেছিল! ঘরের মাঠে প্রথমার্ধে কিরগিজ দমকা হাওয়ায় এমন বিধ্বস্ত অবস্থা হবে সেও তো কল্পনার বাইরে!
কিরগিজরা ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১১ ধাপ পিছিয়ে, এই তথ্যটা কাল সন্ধ্যায় বৃষ্টির পানিতে ধুয়েমুছে সাফ। জয়ের নেশায় সবার কুর্নিশ আদায় করে কিরগিজস্তান দেখাল নিজেদের যোগ্যতার মানদণ্ড। তিনটি গোলই শুধু করেনি সফরকারী দল, বাংলাদেশের একমাত্র গোলটিও তাদেরই সৌজন্যে বসেছে স্কোরলাইনে।
অথচ প্রকৃতি ঠিকই পাশে দাঁড়িয়েছিল। ভোর থেকে প্রবল বৃষ্টি। বেলা ১২টার সময় বৃষ্টির তোপে ম্যাচ ভেসে যায় কিনা জেগেছিল সেই শঙ্কাও। কিন্তু ম্যাচ হলো, কোচ লোডভিক ডি ক্রুইফ যেমনটা ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে রসিকতা করে কাদা মাঠ চেয়েছিলেন, অতটা না হলেও বৃষ্টিভেজা ভারী মাঠে ‘হবে, হবে’ রব উঠল চারদিক থেকেই। ঘরের মাঠের সেই অনুকূল পরিবেশের সুবিধা বিন্দুমাত্র নেওয়া যায়নি। উল্টো শুরু থেকে স্নায়ুচাপে সাধারণ সব ভুলের মহড়া!
অষ্টম মিনিটে মিডফিল্ডার হেমন্ত কী করলেন! বক্সের সামান্য বাইরে তাঁর অপ্রয়োজনীয় ফাউল বিপদ ডেকে আনল। পরের দৃশ্যটা আরও খারাপ। স্ট্রাইকার জেমলিয়ানুখিনের বাঁ পায়ের ফ্রি-কিকটা বলের লাইনে থেকেও পাঞ্চ করতে দৃষ্টিকটুভাবে ব্যর্থ গোলকিপার লিটন। জার্মানি থেকে গোলকিপার কোচ এনেও কাজের কাজ কিছুই যে হচ্ছে না এই গোল তা দেখাল আরেকবার।

বক্সের আশপাশে প্রতিপক্ষকে ফাউল দেওয়া যাবে না, এ নিয়ে হাজারো কথা বলে আখেরে ফল শূন্য! বাংলাদেশের খেলোয়াড়েরা যেন পণ করেই নেমেছেন ফাউল করবেনই। ২৭ মিনিটে ইয়ামিন মুন্না বক্সে ফেলে দিলেন ভিক্টর মায়ারকে। সিঙ্গাপুরের রেফারির দেওয়া পেনাল্টিতে এডগারের পায়ে ২-০। লিটন বাঁয়ে ঝাঁপিয়ে বলে হাত লাগালেন বটে, কিন্তু শেষ রক্ষা হলো না।
প্রতিরোধে ঘুরে দাঁড়ানোর আগে নিজেরাই ম্যাচটা তুলে দিল প্রতিপক্ষের হাতে। অধিনায়ক মামুনুল ডাক দিলেন, ‘আয় দেখি কিছু করা যায় কিনা।’ তাতে একটু যেন চনমনে হয়ে ওঠে দল। টানা দুটি কর্নার আদায় হয়। ৩১ মিনিটে মামুনুলের কর্নারে কিরগিজ ডিফেন্ডার ভ্যালেরির মাথায় লেগে ২-১। চাপ দিলে প্রতিপক্ষ ভুল করে এই গোল তারই প্রমাণ। সেই চাপটা দেওয়া যায়নি বলে কিরগিজরা সুযোগ পেয়েছে চড়াও হয়ে খেলার।
স্কিল, টেকনিক, ট্যাকটিকস, খেলোয়াড়দের উচ্চতা, ফিটনেস সব দিক দিয়েই সফরকারী দলটা প্রশ্নাতীতভাবে এগিয়ে। বুদ্ধিমত্তা তো আছেই, কিরগিজরা ওয়ান-টু খেলে বক্সে ঢুকে পড়লে কোনো জবাবই দিতে পারেনি রক্ষণ। ততক্ষণে রক্ষণের বড় সৈনিক নাসিরউদ্দিন চোট নিয়ে মাঠের বাইরে। রক্ষণ হয়ে পড়ে আরও বালির বাঁধ। কিরগিজ স্ট্রাইকার জেমলিয়ানুখিন অ্যান্টন ৪০ মিনিটে বাংলাদেশ রক্ষণকে যেভাবে ধসিয়ে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলে ৩-১ করলেন, ব্যক্তিগত নৈপুণ্যের সেরা বিজ্ঞাপনই হয়ে থাকল দৃশ্যটা।
এই নৈপুণ্যে নেই বাংলাদেশ দলের। অধিনায়ক মামুনুল জ্বলে ওঠার চেষ্টা করেছেন। দারুণ একটা ফ্রি-কিক নিয়েছিলেন দ্বিতীয়ার্ধের শুরুতে। এই অর্ধে পরিশ্রম ও পরিকল্পনার কিছুটা ছাপ রেখে খেলেছে বাংলাদেশ। কিন্তু গোল করার লোক কোথায়! স্ট্রাইকার এমিলি মাঠে আছেন মনেই হয়নি। এনামুল অন্য দিনের তুলনায় নিষ্প্রভ। এমন নির্বিষ আক্রমণভাগ নিয়ে আন্তর্জাতিক ম্যাচ জেতা কঠিন। উপরন্তু উইঙ্গার জুয়েল রানাকে বসিয়ে রেখেছেন কোচ। এদিন তাই উইংয়ের ব্যবহারও বলতে গেলে ছিল না।
গোলরক্ষক লিটন বাজে গোল খেয়ে পরে কয়েকটি ভালো সেভ করেছেন বটে, কিন্তু একজন বিশ্বস্ত গোলকিপারের অভাব প্রকট হয়ে উঠেছে দিন দিন। ভরসার জায়গা জামাল ভূঁইয়া প্রথমার্ধে কিছু ভুল পাস করেছেন। এই পর্যায়ের ফুটবলে বাংলাদেশের পারফর্ম করার মতো ফুটবলার হাতে গোনা দু-একজন। কিরগিজরা এখানেও অনেক এগিয়ে থেকে জয়োৎসব করল বৃষ্টিস্নাত সন্ধ্যায়। স্বাগতিকদের জন্য রেখে গেল শুধুই আত্মোপলব্ধি আর আত্মসমালোচনা।
বাংলাদেশ দল: লিটন, নাসির (রায়হান) ইয়াসিন, ইয়ামিন, তপু বর্মণ, জামাল (শাহেদ), মামুনুল, হেমন্ত, সোহেল রানা, এনামুল, এমিলি।
বাংলাদেশ ১: ৩ কিরগিজস্তান
কিচিন জেমলিয়ানুখিন
৩২ মি. ৮ ও ৪১ মি.
(আত্মঘাতী) বার্নার্ড
২৯ মি.