র্যাঙ্কিংয়েও ওপরে ওঠার তাগিদ
১৯৯৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ ফিফা র্যাঙ্কিং ছিল ১১০। সেই বাংলাদেশ দুই দিন আগে প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে ১৮২। এক ধাক্কায় নেমেছে ৯ ধাপ।
অল্পের জন্যই রক্ষা, আর একটু হলে ১৮৩-এর নিচে চলে যেতে হতো, এখন পর্যন্ত যেটি বাংলাদেশের সর্বনিম্ন র্যাঙ্কিং (২০০৮ সালে)। গত ৩ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ গোলে হার, ৮ অক্টোবর জর্ডানের বিপক্ষে হারের ব্যবধান ৪-০। এই দুটি ম্যাচে বড় হারের প্রভাবই পড়েছে র্যাঙ্কিংয়ে।
এমনিতে কখনো কখনো ম্যাচ না খেললেও র্যা ঙ্কিং ওঠানামা করে। তাই বিষয়টাকে এত দিন খুব একটা আমলে নেননি ফুটবলাররা। সাম্প্রতিক বছরে ১৬০-এর ঘরে ঘোরাফেরা করছিল বাংলাদেশ। তবে এখন ১৮০-এর ঘরে চলে যাওয়াকে হালকাভাবে নিতে পারছেন না তাঁরা।
জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম যেমন বললেন, ‘র্যাঙ্কিংয়ের ওঠানামা কীভাবে হয় তা নিয়ে আমাদের পরিষ্কার ধারণা নেই। তবে ১৮০-এর ঘরে চলে যাওয়া চিন্তার কারণ বৈকি।’ ওপরে ওঠার তাগিদও অনুভব করছেন মামুনুল, ‘আমাদের উচিত ম্যাচ র্যাঙ্কিংয়ে একটা ভদ্রস্থ জায়গায় আসা। প্রীতি ম্যাচগুলো জিততে হবে, সামনে সাফে ভালো করা দরকার। তাহলে র্যাঙ্কিংয়ে একটু ওপরে উঠে আসতে পারব। এটা খুব দরকারও।’
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অবশ্য র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৮২তম স্থানে কীভাবে গেল সেই প্রশ্ন তুলে বললেন, ‘র্যাঙ্কিংটা কোন মানদণ্ডে করল ফিফা, বুঝতে পারলাম না। এ নিয়ে চিন্তার কিছু দেখছি না। সামনে দেখা যাবে এমনিতেই ওপরে চলে এসেছি।’