র্যাঙ্কিংয়েও রিয়ালের দাপট

ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো এক বছরে চারটি ট্রফি, সান্তিয়াগো বার্নাব্যুতে বইছে আনন্দধারা। খুশির বার্তা আসলে চারদিকেই। টানা ২২ জয়ের স্প্যানিশ রেকর্ড গড়ে বছর শেষ করা রিয়াল মাদ্রিদের দাপট অব্যাহত উয়েফার ক্লাব র্যাঙ্কিংয়েও। বেশ বড় ব্যবধানে শীর্ষে থেকেই বছর শেষ করেছে কার্লো আনচেলত্তির দল। উয়েফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে রিয়ালের পয়েন্ট ১৬২.৫১৪। ১৪৮.৫১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা, তৃতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের পয়েন্ট ১৪৫.২৫৪।
উয়েফার র্যাঙ্কিংয়ে মূলত বিবেচনায় নেওয়া হয় সর্বশেষ ৫ মৌসুমের ইউরোপীয় টুর্নামেন্টগুলোয় ক্লাবগুলোর পারফরম্যান্স। চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের গ্রুপপর্ব শেষ হয়ে যাওয়ার পর সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ২০১৪-১৫ মৌসুমের পয়েন্ট হালনাগাদ করা হয়েছে। হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে ২০০৯-১০ মৌসুমের পয়েন্ট। কিন্তু যেহেতু একটা পুরো মৌসুমের পয়েন্ট বাদ গেছে এবং হিসাবে যোগ হওয়া মৌসুমটা প্রায় অর্ধেক হয়েছে কেবল, তাতে বেশির ভাগ দলেরই মোট পয়েন্ট বেশ কমে গেছে। বার্সেলোনা যেমন মৌসুম শুরু করেছিল ১৫৭.৫৪২ পয়েন্ট নিয়ে, এখন সেটা প্রায় ১০ পয়েন্ট কমে গেছে। রিয়াল মৌসুম শুরু করেছিল ১৬১.৫৪২ পয়েন্ট নিয়ে। সাধারণ হিসাবে কার্লো আনচেলত্তির দলের পয়েন্টও কমে যেত। কিন্তু উয়েফা সুপার কাপ ও চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে ৬ ম্যাচের সবগুলোতে জয় নিয়ে সেটা পুষিয়ে নিয়েছে রিয়াল।
র্যাঙ্কিংয়ে আগের অবস্থান বদলায়নি চেলসি, বেনফিকা ও অ্যাটলেটিকো মাদ্রিদের। আগের মতোই যথাক্রমে চার, পাঁচ ও ছয় নম্বরে আছে এই তিনটি ক্লাব। লক্ষণীয় উন্নতি হয়েছে শালকের। ১৪ নম্বরে থেকে মৌসুম শুরু করা জার্মান ক্লাবটি এখন সাত নম্বরে। এই মৌসুমে ইউরোপের কোনো টুর্নামেন্টে সুযোগ না পাওয়ায় র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। গত মৌসুমের শেষ ৬ নম্বরে থাকা ইউনাইটেড এখন দশে। অনেক কাঠখড় পুড়িয়ে এবার চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে জায়গা পাওয়া ম্যানচেস্টার সিটির র্যাঙ্কিংয়ে উন্নতি চোখে পড়ার মতো। মৌসুমের শুরু ২২ নম্বরে থাকা ম্যানুয়েল পেলেগ্রিনির দল এখন ১৪-তে। ইউনাইটেডের মতোই এ মৌসুমে ইউরোপের কোনো টুর্নামেন্টে না থাকায় ১১ থেকে ২০-এ নেমে যেতে হয়েছে সাতবারের ইউরোপ-সেরা এসি মিলানকে। তবে সর্বশেষ র্যাঙ্কিং দেখে সবচেয়ে খুশি নিশ্চয়ই বুলগেরিয়ান ক্লাব লুদোগোরেৎস। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে খেলেই ১০৪ থেকে এক লাফে ৭৫ নম্বরে উঠে এসেছে লুদোগোরেৎস।