লওতারোকে সহজে ছাড়বে না ইন্টার

দিন যায়, সপ্তাহ যায়। কেটে যাচ্ছে একটার পর একটা মাস। লওতারো মার্তিনেজকে পেতে বার্সেলোনা একেকটা কৌশল আঁটে, আবার সেটা বদলায়। আজ যদি মনে হয় আর্জেন্টাইন স্ট্রাইকারকে পাওয়ার খুব কাছে চলে এসেছে বার্সা, কাল আবার মনে হয় একটু বুঝি দূরে চলে গেল! গাড়ি গতি পাওয়ার পরক্ষণেই আবার ব্রেকে পা পড়ে যায়—এভাবে এগোনো-পেছানো করতে করতে লওতারোকে না পাওয়ার শঙ্কাই তৈরি হয়েছে।
ইন্টার মিলান থেকে লওতারোকে দলে ভেড়াতে শুরুতে বড় একটি লাফ দিতে পেরেছিল বার্সা। লওতারোকে পেতে তাঁর জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসির অনুমোদন তো পেয়েই গিয়েছিল কাতালান ক্লাবটি। সঙ্গে 'হ্যাঁ'-সূচক মাথা ঝাঁকিয়েছেন যাঁর বিকল্প হিসেবে লওতারোকে তারা পেতে চায়, সেই লুইস সুয়ারেজও। লওতারো নিজেও ন্যু ক্যাম্পকে ঠিকানা বানাতে আগ্রহী। মেসির সঙ্গে খেলবেন, এর চেয়ে বড় প্রেরণা এ ক্ষেত্রে আর কী হতে পারে ২২ বছর বয়সী স্ট্রাইকারের জন্য!
কিন্তু বাদ সেধেছে দুটি বিষয়—প্রথমত করোনাভাইরাস মহামারির কারণে বার্সায় তৈরি হওয়া অর্থসংকট আর ইন্টার মিলানের ক্রীড়া পরিচালক পিয়েরো অসিলিওর একটি কথা, 'লওতারো বিক্রির জন্য নয়। বার্সা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো এবং আমরা বলে দিয়েছি, তাকে বিক্রি করছি না।'
অসিলিও অবশ্য একটি পাদটীকা দিয়ে বার্সার জন্য দরজা খোলা রাখার কথাও বলেছেন, 'ইন্টার মিলান থেকে লওতারোকে নেওয়ার একটাই রাস্তা আছে—তার রিলিজ ক্লজের অর্থের পুরোটা দেওয়া।' সেই অঙ্কটা নেহাত কম নয়, ১১ কোটি ১০ লাখ ইউরো। এই মুহূর্তে বার্সা সেটা দিতে পারবে না বলেই মনে হয়। এখন পর্যন্ত ইন্টারকে তারা ৭ কোটি ইউরোর সঙ্গে একজন খেলোয়াড় দেওয়ার প্রস্তাব দিয়েছে। নেলসন সেমেদো, জুনিয়র ফিরপো, আর্তুরো ভিদাল, ইভান রাকিতিচ বা স্যামুয়েল উমতিতি—৭ কোটি ইউরোর সঙ্গে যাঁকে খুশি নিতে পারে ইন্টার। ইন্টার মনে হয় না এই প্রস্তাবেও রাজি।