লকডাউনে ডাকাতির শিকার

লকডাউনের এই সময়ে নিজ বাড়িতে ডাকাতির শিকার হয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের ফুটবলার ডেলে আলি। বুধবার স্থানীয় সময় সকালে টটেনহাম হটস্পারের এ মিডফিল্ডারের বাসায় হামলা চালিয়ে ছিল দুই ডাকাত।
ছুরির ভয় দেখিয়ে স্বর্ণালংকার, দামি ঘড়ি ও বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে ডাকাতরা। বড় রকমের হতাহত না হলেও আহত হয়েছেন ডেলে আলি ও তাঁর ভাই। এ সময় তাঁদের সঙ্গে বাসায় কয়েকজন বন্ধুও উপস্থিত ছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিরাপত্তা বেষ্টনী টপকে আলির উত্তর লন্ডনের বাড়িতে ডাকাতরা ঢুকে পড়ে। আচমকা তারা ছুরি দেখিয়ে স্বর্ণালঙ্কার, দামি ঘড়ি ও অর্থ হাতিয়ে নেয়। বাধা দিতে গেলে আলি ও তাঁর সঙ্গীদের উপর আঘাত করা হয়। এ সময় মুখে আঘাত পেয়েছেন আলি। তবে বড় রকমের কোনো আঘাত নয় বলে নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যম।
কে বা কারা ডাকাতি করেছে , তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ডাকাতদের পরিচয় জানতে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছে স্থানীয় মেট্রোপলিটন পুলিশ। দুর্ঘটনার খবর জানাজানি হওয়ার পর আলির শুভাকাঙ্ক্ষীরা খোঁজ খবর নেওয়া শুরু করেছে। শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন আলি , 'ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে। কিন্তু আমরা সবাই ঠিক আছি। প্রশংসনীয় সমর্থন পেয়েছি।'
করোনাভাইরাস সংক্রমণ এড়াতে লকডাউনের এ সময়ে ইংল্যান্ডে ফুটবলারদের বাড়িতে ডাকাতির ঘটনা আগেও ঘটেছে । গত মার্চে আলিরই ক্লাব সতীর্থ ইয়ান ভার্টোয়েন নিজ বাড়িতে ডাকাতি হামলার শিকার হন।