
বঙ্গবন্ধু কাপের ট্রফি উঁচিয়ে ধরেছেন বাংলাদেশ অধিনায়ক। তাঁকে ঘিরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আনন্দ-উৎসব!
এমন দৃশ্য মঞ্চায়ন আসলে স্বপ্নেই মানায়। বাস্তবতা টেনে ধরছে কল্পনার রাশ। বাহরাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরকে টপকে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেলে সেটি হবে বিশাল চমক। চ্যাম্পিয়ন হওয়ার কল্পনা তাই বাদ দিতেই হয়। ফাইনালে খেলতে পারাও অনেক বড় কৃতিত্ব বলে স্বীকৃতি পাবে। তার চেয়ে বরং সেমিফাইনাল খেলার লক্ষ্যটাকেই বাস্তবসম্মত মনে করছে বাংলাদেশ দল।
কাজী সালাউদ্দিনও মনে মনে চান, বাংলাদেশ ঘরের মাঠে খেলুক শেষ চারে। এ কারণে একটা ‘দুর্বল’ দলকে ষষ্ঠ দল হিসেবে আনতে চাইছেন বাফুফে সভাপতি। তবে যে দলই আসুক, বাংলাদেশের সামনে নতুন বছরের শুরুটা কিন্তু বড় চ্যালেঞ্জ নিয়েই উপস্থিত। তাতে নিজেদের সংজ্ঞায়িত সাফল্যের লক্ষ্য নিয়েই কাল বিকেএসপিতে গেল দল। খেলোয়াড়েরা দুপুরে বাফুফে ভবন থেকে বিকেএসপি যাওয়ার সময় ঘরের মাঠে ভালো কিছু করার আকাঙ্ক্ষাই ব্যক্ত করে গেলেন।

ডিফেন্ডার নাসির উদ্দিন বলছিলেন, ‘ঘরের মাঠে অবশ্যই সেমিফাইনালের খেলতে হবে আমাদের। তারপর যতটা ওপরে যাওয়া সম্ভব...।’ নির্ভরযোগ্য মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের বিশ্বাস, ‘জাতির জনকের নামে টুর্নামেন্ট বাড়তি প্রেরণা দেবে। তাই অন্তত সেমিফাইনাল খেলা উচিত আমাদের। আশা করছি, সেটা আমরা পারব। ফাইনালে যেতে পারলে তো খুবই ভালো।’
থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর আসছে আসিয়ান অঞ্চলের সুজুকি কাপ খেলে। থাইল্যান্ড সেটিতে চ্যাম্পিয়ন। এই দেশগুলো মূল দল পাঠালে বাংলাদেশের গ্রুপে দ্বিতীয় হওয়াও কঠিন। বাহরাইন পাঠাবে অনূর্ধ্ব-২৩ দল, এটিও অনেক শক্তিশালীই হবে। এসব বিবেচনায় রেখে বাংলাদেশ কোচ সাইফুল বারী সতর্ক অবস্থানই নিতে চান, ‘প্রতিপক্ষ দলগুলোর স্কোয়াডের ওপর নির্ভর করবে অনেক কিছু। তবে আমাদের অন্তত সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টটা শুরু করতে হবে।’
অধিনায়ক মামুনুল ইসলাম কিছুটা অসুস্থ হয়ে চট্টগ্রামের বাড়িতে থাকায় কয়েক দিন পর যোগ দেবেন ক্যাম্পে। মিডফিল্ডার জামাল ভূঁইয়া মায়ের অসুস্থতার কারণে দেশের বাইরে। ৪ জানুয়ারি তাঁর আসার কথা। হাতে সময় কম। তার ওপর ২৬ জনের পূর্ণাঙ্গ দল নিয়ে অনুশীলন শুরু করতে পারছেন না কোচ। এটি তাঁর জন্য খানিক অস্বস্তিরই।