লক্ষ্য কম গোল খাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে আগের চেয়েও বেশি মনোযোগী সবাই। কোচ গোলাম রব্বানী ও টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির নির্দেশনা মন দিয়ে শুনছে মৌসুমী-কৃষ্ণারা। কাল চনবুরিতে l ছবি: বাফুফে
অনুশীলনে আগের চেয়েও বেশি মনোযোগী সবাই। কোচ গোলাম রব্বানী ও টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির নির্দেশনা মন দিয়ে শুনছে মৌসুমী-কৃষ্ণারা। কাল চনবুরিতে l ছবি: বাফুফে

চারদিকে শুধু থাই ভাষা। শপিংমল, হোটেল, ট্যাক্সিতে কান পাতলেই শোনা যায় থাই ভাষার গান। কিন্তু কাল চনবুরির ইনস্টিটিউট অব ফিজিক্যাল এডুকেশন ক্যাম্পাসে শোনা গেল বাংলা গান। রোনালদো-নেইমাররা অবসরে হেডফোনে গান শোনেন, বাংলাদেশের মেয়েরা গান শুনছিল ব্লুটুথ স্পিকারে।

এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার কাছে ৯ গোলে হারের পর মানসিকভাবে ভেঙে পড়েছে মেয়েরা। কৃষ্ণা-সানজিদাদের চাঙা করতে তাই বিনোদন জোগানোর চেষ্টা করে যাচ্ছে বাফুফে। প্রতিদিনের ট্রেনিং সেশনে, টিউটোরিয়াল ক্লাসে মজার কৌতুক বলা হচ্ছে। কাউন্সেলিং করানো হচ্ছে দুঃস্বপ্নের ম্যাচটি মন থেকে দূরে রাখতে।

বাংলাদেশের জন্য ব্যাপারটা যেন ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়ার মতো। বিশ্বের অন্যতম সেরা দলের কাছে বিধ্বস্ত হওয়ার পর আজ আরেকটি অগ্নিপরীক্ষা। বাংলাদেশ সময় বিকেল ৪টায় চনবুরির ইনস্টিটিউট অব ফিজিক্যাল এডুকেশন স্টেডিয়ামে মুখোমুখি হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও টুর্নামেন্টের রানার্সআপ জাপানের সঙ্গে। এ ম্যাচে বাংলাদেশের একটাই লক্ষ্য, ‘কম গোল খাওয়া’।

দলের অন্যতম সেরা মিডফিল্ডার মিসরাত জাহান মৌসুমী অনুশীলন শেষে পরিষ্কার জানিয়ে দিয়েছে, ‘আমরা কাল (আজ) রক্ষণাত্মক কৌশলে খেলব। স্যাররা আমাদের সেভাবেই নির্দেশনা দিয়েছেন। আমাদের লক্ষ্যই থাকবে কম গোল খাওয়ার।’

আজকের একাদশে বড় পরিবর্তন আসতে পারে। রক্ষণভাগ ও মাঝমাঠে পরিবর্তন তো আসবেই, গোলরক্ষকও বদল হতে পারে। গত ম্যাচে সবচেয়ে বাজে খেলা ডিফেন্ডার নার্গিস খাতুন বাদ পড়ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। মিডফিল্ডার আঁখি খাতুনকে খেলানো হবে সেন্টারব্যাক হিসেবে। আর সেরা একাদশে মণিকা চাকমা ঢুকে মাঝমাঠে নেবে আঁখির জায়গা। গত ম্যাচের দ্বিতীয়ার্ধে মৌসুমীর বদলি হিসেবে মাঠে নেমেছিল মণিকা। গোলরক্ষক রুকসানার বদলে শুরু থেকেই দেখা যাবে মাহমুদাকে।

বাংলাদেশ দল পরশু অনুশীলন করেছিল চনবুরির ইনস্টিটিউট অব ফিজিক্যাল এডুকেশন (আইপিই) স্টেডিয়ামে। তবে কাল এই স্টেডিয়ামে অনুশীলন করেনি বাংলাদেশের মেয়েরা। আইপিআই ক্যাম্পাসের আরেকটি ঘাসের মাঠে সকালের প্রচণ্ড গরমে অনুশীলন করেছে কৃষ্ণা-মৌসুমীরা। অনুশীলনের পর সবাই মাঠ ছাড়লেও নার্গিসকে কাছে ডেকে নিয়ে আলাদাভাবে কথা বলেন বাফুফের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক্যাল ডিরেক্টর পল স্মলি।

কাল অনুশীলনে বেশ চনমনেই পাওয়া গেল মেয়েদের। সামনের দিকেই চোখ রয়েছে সবার। আজকের ম্যাচ নিয়ে মৌসুমী বলল, ‘গত ম্যাচের কথা মন থেকে পুরোপুরি ঝেড়ে ফেলেছি। কাল (আজ) যাদের সঙ্গে খেলব ওরাও বিশ্ব চ্যাম্পিয়ন দল। গত ম্যাচে যে ভুলত্রুটি করেছি সেগুলো না করার চেষ্টা করব।’

জাপানে দু-দুবার গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলে এসেছে বাংলাদেশের মেয়েরা। খেলেছে জাপানের সাকাই একাডেমি এবং স্কুলপর্যায়ের দলের সঙ্গে। জাপান জাতীয় দলের খেলার ধরনটা ওদের একাডেমি দলের কাছাকাছি। ওরা সাধারণত ছোট পাসে দ্রুতগতির ফুটবল খেলে। জাপান নিয়ে তাই ভয় পাচ্ছেন না মৌসুমী, ‘ওদের খেলার স্টাইল আমরা কিছুটা জানি। মাঠে স্যাররা আজ আমাদের সেটা আবারও মনে করিয়ে দিয়েছেন। প্রথম ম্যাচে বিশ্বের সেরাদের সঙ্গে খেলেছি বলে ভয়ে ছিলাম। তবে ওদের সঙ্গে খেলার পর ভয়টা কেটে গেছে। এবার জাপানের সঙ্গে খেলার আগে সেই ভয়টা পাচ্ছি না আমরা।’

জাপানকে আটকানোর চেয়ে নিজেদের খেলার দিকেই মনোযোগ দিতে বললেন কোচ গোলাম রব্বানী, ‘মেয়েদের আজ স্বাভাবিক খেলাটা খেলতে হবে। সব সময় মনোযোগ ধরে রাখতে হবে। প্রথম ম্যাচে মনোযোগের অভাবে অনেক গোল খেয়েছি।’

অস্ট্রেলিয়াকে ৫-০ গোলে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করেছে জাপান। বাংলাদেশের বিপক্ষেও জয়টা ধরেই রেখেছেন জাপানের কোচ নাওকি কুসুনোজ, ‘বাংলাদেশকে নিয়ে ভাবছি না। অস্ট্রেলিয়ার বিপক্ষে যেমন দেখা গেছে সেই ছন্দেই খেলবে ছেলেরা।’