
সংবাদ সম্মেলন শেষে বাফুফের সভাকক্ষে হঠাৎ ফুলের তোড়া নিয়ে হাজির কয়েকজন তরুণ। ‘বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স’ নামের সংগঠন ফুলেল শুভেচ্ছা জানাল লোডভিক ডি ক্রুইফ ও মামুনুল ইসলামকে। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের কোচ-অধিনায়কের সময়টা কাটল বেশ আনন্দে।
রাতে এশিয়ান গেমসে রওনা হওয়ার আগে এমন উজ্জীবনী কিছুই প্রয়োজন ছিল। খানিক আগে সংবাদ সম্মেলনে নানা প্রশ্নের উত্তর দিলেন কোচ-অধিনায়ক। গুরুগম্ভীর পরিবেশ থেকে ফুরফুরে আবহে ফেরা গেল। কিন্তু ফুলেল শুভেচ্ছার প্রতিদানে সমর্থকদের কী দেবে ফুটবল দল?
ডি ক্রুইফ প্রত্যাশার বেলুন ফুলাতে বারণই করলেন, ‘প্রত্যাশার পারদ বেশি চড়াবেন না প্লিজ!’ তার মানে এই নয় যে এশিয়ান গেমস অভিযানে বাংলাদেশ আগেই হেরে বসে আছে। ডাচ কোচের পরের কথাতেই ভালো কিছু করার প্রতিজ্ঞা থাকল, ‘আমরা নিশ্চয়ই কিছু অর্জন করতে যাচ্ছি।’
কিন্তু কী অর্জন করতে যাচ্ছেন? অবধারিত প্রশ্নের সামনে বেশ ভালো ড্রিবলিং করলেন কোচ, ‘আমাদের লক্ষ্য থাকবে কিছু পয়েন্ট সংগ্রহ করা।’ কোন দলের বিপক্ষে পয়েন্ট পেতে চান, এক না তিন পয়েন্ট?
ডি ক্রুইফ ‘ট্যাকটিক্যাল গেম’ খেলার মতো গোটা ছকটা নিজের মনেই রাখলেন। তাঁর কথা, উজবেকিস্তানের র্যাঙ্কিং ৫১। এই দলটির সঙ্গে হল্যান্ড খেললেও ওরা চোখ রাঙাবে। আফগানিস্তানের র্যাঙ্কিং ১২৯, হংকংয়ের ১৬০। একমাত্র হংকংই বাংলাদেশের কাছকাছি।
আফগানিস্তান নামটাই বেশি আলোচনায় আসছে। ১৫ সেপ্টেম্বর এই দলের বিপক্ষে ম্যাচ দিয়েই এশিয়াড চ্যালেঞ্জ শুরু করবে বাংলাদেশ। সাধারণ ধারণাটা হচ্ছে, আফগানিস্তানের সঙ্গেই জেতা সম্ভব। যদিও হংকংও এমন কঠিন দল নয়। তাদের বিপক্ষে জয়ের সুখস্মৃতি আছে। তবে আফগানিস্তানকেই ‘পাখির চোখ’ করছেন অধিনায়ক, ‘গেমসে এগিয়ে যেতে হলে অবশ্যই প্রথম ম্যাচে আফগানিস্তানকে আমাদের মারতে হবে।’
সেটি পারলে ১৮ সেপ্টেম্বর উজবেকিস্তানের সামনে দাঁড়ানোর বাড়তি সাহস সঞ্চিত হবে। ২২ সেপ্টেম্বর হংকং ম্যাচটাও মানসিকভাবে অতো চাপ হয়ে আসবে না। প্রথম ম্যাচটা তাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
চার দলের গ্রুপে কাগজ-কলমে বাংলাদেশ সবার নিচে। কাজেই গ্রুপ-সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়া শুধু কঠিন নয়, প্রায় অসম্ভবও। তেমন স্বপ্ন দেখা অবাস্তব। তার পরও উত্তরণ সম্ভব কি না, এমন প্রশ্ন গেল ডি ক্রুইফের কাছে। এমন প্রশ্নে পেশাদার কোচরা যা বলেন, ডি ক্রুইফও তাই বললেন, ‘আমরা ভালো করার চ্যালেঞ্জ নিয়ে কোরিয়া যাচ্ছি। নিশ্চয়ই আমাদেরও সুযোগ আছে। আশা করছি জয়ী হয়েই ফিরব।’
‘জয়ী হয়ে’ ফিরতে চাই ভালো প্রস্তুতি। এবার প্রস্ততির সময় ছিল ৩৫ দিন। নেপালের সঙ্গে দুটি প্রীতি ম্যাচসহ সেনাবাহিনী, পুলিশ, বাফুফে একাদশের সঙ্গে মোট ছয়টি অনুশীলন ম্যাচ খেলা হয়েছে। এই মাচগুলোতে দলে স্ট্রাইকারের সংকট চিন্তা বাড়িয়েছে। তবে এসব একপাশে রেখে মামুনুল তাকাতে চান সামনে, ‘প্রস্তুতি এবার সবচেয়ে ভালো হয়েছে। আমাদের সমস্যা ধারাবাহিকতার অভাব। গেমসে সমস্যাটা কাটিয়ে ওঠার চেষ্টা করব।’
সেই চেষ্টায় ডি ক্রুইফের কাছে বাড়তি প্রেরণা কদিন আগে সিলেটে দেখে আসা দর্শক জোয়ার, ‘এ দেশে ফুটবল এখনো বেঁচে আছে।’ সেই বিশ্বাসকে আরও জীবন্ত করতে এশিয়াডে ভালো কিছু করতে পারলে ভালো!