লজ্জা লাগছিল মেসির!

গত বছরের কোপা আমেরিকাও তাঁকে শূন্য হাতে ফিরিয়েছে। কিন্তু টুর্নামেন্টের শতবর্ষী আসরটিকে কি লিওনেল মেসি ভুলতে পারবেন? ওই আসরে কত কিছুই না ঘটে গেছে তাঁর জীবনে। বড় কোনো টুর্নামেন্টে টানা তৃতীয় ফাইনালে উঠেছেন দলকে নিয়ে। সেমিফাইনালে যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে হারায় আর্জেন্টিনা, যে ম্যাচে মেসিও করেছিলেন একটি গোল। আর সেই গোলেই গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে (৫৪ গোল) ছাড়িয়ে হয়েছেন আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা।
এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু চিলির বিপক্ষে ফাইনালটি স্মৃতি থেকে মুছে দিতে পারলেই যেন বাঁচেন মেসি! টাইব্রেকারে গড়ানো ম্যাচে শেষ পেনাল্টিটি নিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। গোল করতে পারেননি। আর্জেন্টিনাও টানা তৃতীয় ফাইনালে হেরেছে। হতাশার ভারটা এত বেশি হয়ে গিয়েছিল যে, সেটা বইতে পারছিলেন না। সইতে পারছিলেন না চারদিক থেকে ছুটে আসা সমালোচনার তির। সবাইকে চমকে দিয়ে তাই হঠাৎ করেই দিয়েছিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা।
মেসির ওই ঘোষণার পরপরই তাঁকে ফেরাতে উঠেপড়ে লেগেছিল সবাই। আর্জেন্টিনার প্রেসিডেন্ট থেকে ডিয়েগো ম্যারাডোনা-কে ছিলেন না সেই দলে! শেষ পর্যন্ত কাজে লেগেছে সেই সময়ের কোচ এদগার্দো বাউজা আর সতীর্থদের অনুরোধ। মস্কোর লুজনিকি স্টেডিয়ামে গত শনিবার প্রীতি ম্যাচে রাশিয়াকে ১-০ গোলে হারানোর পর সংবাদমাধ্যমকে সেই সময়ের গল্প শুনিয়েছেন মেসি, ‘অবসরের সিদ্ধান্ত আমি হঠাৎ করেই নিয়ে ফেলেছিলাম। সিদ্ধান্ত বদলে ফিরতে চাই, এটা বলতে খুব লজ্জা লাগছিল। সেই সময়ের কোচ এদগার্দো বাউজা আর সতীর্থরা সবকিছু সহজ করে দিয়েছে।’
অবসর ভেঙে মেসির ফেরায় আর্জেন্টিনা কী পেয়েছে, সেটা বাছাইপর্বের শেষ ম্যাচেই দেখেছে ফুটবল-বিশ্ব। তাঁর অসাধারণ এক হ্যাটট্রিকে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে উঠেছে আর্জেন্টিনা। অবসর নেওয়া, এরপর অবসর ভেঙে ফেরা; এটা মেসির দৃষ্টিভঙ্গিতেও এনেছে পরিবর্তন, ‘জাতীয় দলে এই অধ্যায়টা আমি অন্যভাবে উপভোগ করছি। আগের চেয়ে এখন আমি বেশি নির্ভার। সমালোচনাটাও আমি ভিন্ন চোখে দেখি।’
বিশ্বকাপ বাছাইয়ের পর গত শনিবার রাশিয়ার বিপক্ষেই প্রথম খেলতে নেমেছে আর্জেন্টিনা। মেসি গোল পাননি। জয়সূচক গোলটি সার্জিও আগুয়েরোর। আগুয়েরোর এই গোল আবার আলোচনায় নিয়ে এসেছে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলের রেকর্ডটিকে। রাশিয়ার বিপক্ষে গোলে যে আগুয়েরো ছাড়িয়ে গেছেন ম্যারাডোনাকে (৩৪)। তাঁর সামনে এখন শুধুই দুজন-বাতিস্তুতা (৫৪) আর মেসি (৬১)।
আগুয়েরোও একদিন হয়তো বাতিস্তুতাকে ছাড়িয়ে যাবেন। বাতিস্তুতার তখন কেমন লাগবে কে জানে। তবে মেসি তাঁর রেকর্ড ভাঙার পর মিশ্র এক অনুভূতিই হয়েছিল সাবেক স্ট্রাইকারের, ‘মেসি আমার রেকর্ড ভেঙে দেওয়ার পর খারাপ লেগেছে কি না? হ্যাঁ, কিছুটা খারাপ তো লেগেছেই। বেশি দিন আগের কথা নয়; যেখানেই যেতাম মানুষ আমাকে দেখিয়ে বলত, “সে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা। ” তবে একটা বিষয় ভালো লাগে-ভিন গ্রহের একজনই পেছনে ফেলেছে আমাকে। ভবিষ্যতে মেসি আমার দ্বিগুণ গোল করবে।’ মার্কা, ফোরফোরটু।