লজ্জার রং গোলাপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুখ ঢাকছেন সার্জিও রামোস। ইকার ক্যাসিয়াস, টনি ক্রুসরা একেকজন বিষাদের প্রতিমূর্তি। পরশু সান সেবাস্তিয়ানে সোসিয়েদাদের কাছে হারের পর হতাশ, বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ l এএফপি
মুখ ঢাকছেন সার্জিও রামোস। ইকার ক্যাসিয়াস, টনি ক্রুসরা একেকজন বিষাদের প্রতিমূর্তি। পরশু সান সেবাস্তিয়ানে সোসিয়েদাদের কাছে হারের পর হতাশ, বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ l এএফপি

১১ মিনিটের মধ্যেই দুই গোল। রিয়াল মাদ্রিদ তখন দেখছিল বড় জয়। ওই পর্যন্ত দেখে যাঁরা টিভি বন্ধ করে দিয়েছেন তাঁরা পরে ফলটা জেনে বিস্মিত হয়েছেন। দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ পর্যন্ত ম্যাচটা ৪-২ গোলে জিতেছে রিয়াল সোসিয়েদাদ। কার্লো আনচেলত্তি পেয়েছেন মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ।
টিভি খুলে অনেকেই হয়তো একটু ভিরমি খেয়েছিলেন। চিরচেনা সেই সাদা নয়, নীল বা কালো রঙের দ্বিতীয় বা তৃতীয় জার্সিও নয়, বেনজেমাদের গায়ে ক্যাটক্যাটে গোলাপি রঙের জার্সি। শুরুতে মনে হচ্ছিল, গোলাপির বিভায় নীল-সাদা ডোরাকাটারা দিশা হারিয়ে ফেলেছে। ৫ মিনিটে কর্নার থেকে রামোসের হেডে শুরু। খানিক পরেই দারুণ এক গোল করে ব্যবধান বাড়ান গ্যারেথ বেল। কার্লো আনচেলত্তির মুষ্টিবদ্ধ উল্লাসে তখন রিয়ালের আরেকটি জয়ের আবাহন!
সেই উল্লাস মিলিয়ে যেতে সময় লাগেনি। জয় পেয়ে গেছি ভেবে খানিকটা গা ছাড়া দেয় রিয়াল। এর পর থেকে শুধু জার্সি দেখেই চিনতে হয়েছে তাদের। ৩৫ মিনিটে কর্নার থেকে অরক্ষিত ইনিগো মার্টনেজের গোলে ব্যবধান কমায় সোসিয়েদাদ। সান সেবাস্তিয়ানের বাতাসে তখন তুমুল কোলাহল। দর্শকদের সেই গগনবিদারী নিনাদেই বুঝি আরও খেই হারিয়ে ফেলল রিয়াল। ৪১ মিনিটেই ডে লা পেনার নিখুঁত ক্রস থেকে হেড করে জুরুতুজা সমতা আনেন স্বাগতিকদের হয়ে।
কোথায় বিরতির পর একটু গা ঝাড়া দিয়ে উঠবে তা নয়, রিয়াল উল্টো আরও বেপথু। বিরতির পর রামোসদের হতভম্ব করে জুরুতুজার দ্বিতীয় গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। খেলা শেষের ১৫ মিনিট আগে পূর্ণ লজ্জার ষোলকলা। কার্লোসে ভেলার দেওয়া চতুর্থ গোলে জয় নিশ্চিতই হয়ে যায় সোসিয়েদাদের। গোলটির সময় হ্যান্ডবল হয়েছিল কি না সেটা নিয়ে বিতর্ক ছিল, কিন্তু সোসিয়েদাদের এসব নিয়ে মাথা ঘামানোর সময় কই! বাকি সময় বেল, বেনজেমারা চেষ্টা করেও সমতা ফেরাতে পারেননি।
ইকার ক্যাসিয়াস ঠান্ডা মাথার মানুষ হিসেবেই পরিচিত। ম্যাচ শেষে সেই ‘সন্ত ইকারের’ কণ্ঠেও বিস্ময়কর ঝাঁঝ, ‘আজ যা হয়েছে সেটা খুবই অপ্রত্যাশিত, বিশেষ করে প্রথম ১৫ মিনিট পর। এরপর কিছুই আমাদের পক্ষে যায়নি, প্রতিটি ক্ষেত্রেই আমরা ছিলাম ভয়াবহ। দুই গোলে এগিয়ে থাকার পর আমরা এভাবে ম্যাচ ছেড়ে দিতে পারি না। এই মনোভাব নিয়ে খেললে হবে না।’
ডি মারিয়া, আলোনসোরা ক্লাব ছেড়েছেন কদিন আগে। চোটের কারণে পরশু ছিলেন না রোনালদোও। এমন পরাজয়ের জন্য আনচেলত্তি দায়ী করলেন আত্মতৃপ্তিকেই, ‘আমার মনে হয় এটা এক বা দুজনের সমস্যা নয়। দায়টা আসলে পুরো দলেরই। আমরা আসলে দুটি ম্যাচ খেলেছি। প্রথম আধা ঘণ্টায় আমাদের খেলায় গতি, নিয়ন্ত্রণ ও মনোযোগ ছিল। পরের এক ঘণ্টা আমরা জঘন্য খেলেছি। সম্ভবত আমরা ভেবেছিলাম ম্যাচটা শেষ হয়ে গেছে।’
হোঁচট খেতে পারত বার্সেলোনাও। ভিয়ারিয়ালের সঙ্গে ম্যাচটা তারা জিতেছে ৮২ মিনিটে অভিষিক্ত সান্দ্রো রামিরেজের গোলে। এই প্রথম প্রতিপক্ষের মাঠে গিয়ে তাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছেন বার্সা কোচ লুইস এনরিকে। গোলটা অবশ্য একরকম সান্দ্রোর পাতেই তুলেই দিয়েছিলেন মেসি।
কষ্টার্জিত জয় পেলেও এনরিকে দল নিয়ে সন্তুষ্ট, ‘দলের মনোভাব আমাকে সন্তুষ্ট করেছে। আমাদের এখনো অনেক জায়গায় উন্নতি করতে হবে। কিন্তু আমি খেলোয়াড়দের মধ্যে জয়ের আকাঙ্ক্ষাটা দেখেছি। এখনো আমরা কিছুই করতে পারিনি, কিন্তু ব্যাপারটা অনুপ্রেরণাদায়ী, আশা করি ভক্তরাও খুশি হবে।’ এএফপি, রয়টার্স।