লজ্জিত নন বোয়াটেং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের সেই দৃশ্যটি মনে পড়ে? জেরোম বোয়াটেংকে নাকানিচুবানি খাইয়ে অবিশ্বাস্য এক চিপে গোল করেছিলেন লিওনেল মেসি। ওই গোলের পর মেসি-বন্দনার পাশাপাশি বোয়াটেংকে নিয়ে ব্যঙ্গও কম হয়নি। বায়ার্নের একজন ডিফেন্ডার অমনভাবে পড়ে যান কীভাবে? তবে যে যা-ই বলুন বোয়াটেং এসব গায়ে মাখেননি, একদমই লজ্জিত নন।
ইএসপিএনের কাছে বোয়াটেং দাবি করেছেন, ‘আসলে ওভাবে পড়ে যাওয়াটা এমন কিছু ছিল না। আমি নিজেও তো নিজেকে নিয়ে হেসেছিলাম। আপনি এভাবে পড়ে যেতেই পারেন, তা থেকে কেউ গোলও করতে পারে, এটাই স্বাভাবিক।’ কৃতিত্বটা মেসিকেই দিচ্ছেন, ‘আমার কাছে সে-ই (মেসি) বিশ্বের সেরা খেলোয়াড়। আর এটাই ফুটবল, মাঝেমধ্যে খারাপ কিছু হতেই পারে। আর আমি একজন ডিফেন্ডার, এতে তো আমার সবকিছু শেষ হয়ে যায়নি।’ ইএসপিএন।