লড়াইয়ে আছে রিয়ালও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো কাল পেয়েছেন মৌসুমে তাঁর ৩৯ তম গোলটি।  ছবি: এএফপি।
রোনালদো কাল পেয়েছেন মৌসুমে তাঁর ৩৯ তম গোলটি। ছবি: এএফপি।

ভ্যালেন্সিয়াকে হারিয়ে বার্সেলোনা লিগ লড়াইয়ে পাঁচ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাওয়ায় নিজেদের ম্যাচে জয়ের বিকল্প ছিল না রিয়াল মাদ্রিদের। প্রতিপক্ষ ছিল লিগ তালিকার সপ্তম স্থানে থাকা মালাগা। এই ম্যাচে জিততে অবশ্য একেবারেই বেগ পেতে হয়নি কার্লো আনচেলত্তির শিষ্যদের। ৩-১ ব্যবধানে জিতে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধানও পাঁচ থেকে কমিয়ে দুইয়ে নামিয়ে নিয়ে এসেছে তারা। এই জয়ে ৩২ ম্যাচে ‘ব্লাঙ্কোস’দের পয়েন্ট দাঁড়াল ৭৬। সমানসংখ্যক ম্যাচে ‘কাতালান’দের পয়েন্ট ৭৮।
এই ম্যাচে রিয়াল মাঠে নেমেছিল স্ট্রাইকার করিম বেনজেমাকে ছাড়াই। কিন্তু ম্যাচের শুরুতেই গ্যারেথ বেল চোটের কারণে মাঠ ছাড়লে বড় ধরনের ধাক্কাই খেতে হয় তাদের। গুরুত্বপূর্ণ দুই তারকাকে ছাড়া নিজেদের গুছিয়ে নিতে অবশ্য একটু সময় লেগেছিল রিয়ালের। ২৪ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন সার্জিও রামোস। ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্রি-কিক থেকে পোস্টের খুব কাছে দাঁড়িয়ে আলতো ছোঁয়ায় বল জালে পাঠান রামোস।
দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের সময় লুকা মদ্রিচও আঘাত পেয়ে মাঠ ছাড়েন। ২০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন রোনালদো। হতাশায় মুহ্যমান দলকে অবশ্য হাত ধরেই টেনে তোলেন হামেস রদ্রিগেজ। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে দলকে ২-০ গোলে এগিয়ে নেন কলম্বিয়ার এই সেনসেশন।

এর কিছুক্ষণ পরেই ব্যবধান কমান মালাগার হুয়ানমি। প্রায় অরক্ষিত অবস্থায় গোলটি করেন তিনি। সব শঙ্কাকে দূর করে ম্যাচের যোগ করা সময়ে রোনালদো দলের পক্ষে তৃতীয় গোলটি করলে মোটামুটি বড় জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। সূত্র: এএফপি