লন্ডন ডার্বিতে ফর্মে ফিরবে কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপারটা একটু অদ্ভুতই। চেলসি আর আর্সেনালের ম্যাচ আজ স্ট্যামফোর্ড ব্রিজে, অথচ হোসে মরিনহো আর আর্সেন ওয়েঙ্গার দুজনই একে অন্যের ব্যাপারে একেবারে ‘স্পিকটি নট’। এমন আগুনে ম্যাচের আগে দুই কোচের এমন নীরবতা ‘নিয়মের’ ব্যতিক্রমই বটে।
অবশ্য অন্যকে কিছু কী বলবেন, নিজের ঘর সামলাতেই তো ব্যস্ত দুই কোচ। লিগে প্রথম পাঁচ ম্যাচে চেলসির জয় মাত্র একটিতে, ১৯৮৮ সালের পর লিগে সবচেয়ে বাজে শুরু হয়েছে তাদের। লিগ শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে এরই মধ্যে পিছিয়ে পড়েছে ১১ পয়েন্টে। ৪ পয়েন্ট নিয়ে চেলসি আছে অবনমন অঞ্চলের ঠিক এক ধাপ ওপরে!
তবে গত বুধবার চ্যাম্পিয়নস লিগে ম্যাকাবি তেল আবিবের বিপক্ষে ৪-০ গোলের জয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার কথা চেলসির। ওই ম্যাচে জয়ের পর কোচ মরিনহোর কণ্ঠেও ছিল তেমনই সুর, ‘ভিন্ন মানসিক অবস্থা নিয়েই ঘুম থেকে উঠতে পারব। শনিবারের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। এই (বুধবারের) ফলাফলটা আমাদের কিছুটা ভালো অবস্থানে রাখবে।’
আর্সেনালের অবস্থাকেও খুব বেশি ভালো বলা যাবে না। প্রিমিয়ার লিগে চার নম্বরে আছে দলটি। তবে চ্যাম্পিয়নস লিগে প্রথম ম্যাচেই ডায়নামো জাগরেবের বিপক্ষে হেরে গেছে তারা। আজ লন্ডন ডার্বি দুই দলেরই ফর্মে ফেরার উপলক্ষ।
জাগরেবের ম্যাচে আর্সেনালের হয়ে গোল করা থিও ওয়ালকট ঘুরে দাঁড়াতে আস্থা রাখছেন ওয়েঙ্গারের ওপরই, ‘সবাই কিছুটা হতাশ। তবে কোচই নিশ্চিত করবেন যেন সাজঘরেই এর রেশ শেষ হয়ে যায়। আগেও অনেকবার খারাপ অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছি আমরা।’ এই ইংলিশ ফরোয়ার্ড আজ একাদশে জায়গা ফিরে পেতে পারেন। অন্যদিকে চোটের কারণে চেলসি মিডফিল্ডার উইলিয়ানের এ ম্যাচে খেলা হচ্ছে না। সংশয় আছে পেদ্রো ও অস্কারকে নিয়েও।
প্রিমিয়ার লিগে সর্বশেষ সাত ম্যাচে চেলসিকে হারাতে পারেনি ‘গানার’রা। সর্বশেষ চার ম্যাচে তো গোলই করতে পারেনি। ব্যক্তিগতভাবে মরিনহোর বিপক্ষে ১৪ লড়াইয়ের মাত্র একটিতেই জিতেছেন ওয়েঙ্গার, সেটিও গত মাসে কমিউনিটি শিল্ডে।
পিওতর চেকের জন্য আজকের ম্যাচটি কিছুটা আবেগের। ১১টি বছর, ৪৮৬টি ম্যাচ ‘ব্লু’দের গোলপোস্ট সামলেছেন। গত জুনের পর আজই প্রথমবারের মতো স্ট্যামফোর্ড ব্রিজে পা রাখবেন চেক, তবে আর্সেনালের জার্সিতে। এএফপি, ডেইলি মেইল।