লন্ডনে যেন আগেই বড়দিন

বড়দিন আসতে আরও দুই সপ্তাহ বাকি। তার আগেই লন্ডনের ঘরে ঘরে উৎসবের উপলক্ষ। স্টামফোর্ড ব্রিজে পরশু যাঁরা ছিলেন, চেলসির জয়টা একদম কাছ থেকেই দেখতে পেরেছেন। তবে গাঁটের পয়সা খরচ করে যেসব আর্সেনাল সমর্থক ২০০০ মাইল দূরের এথেন্সে গিয়েছিলেন, আনন্দটা তাঁদেরই ছিল বেশি। অলিম্পিয়াকোসের মাঠে ৩-০ গোলের জয় দেখার সৌভাগ্য তো সব সময় হয় না!
চেলসির কাজটা খুব কঠিন ছিল না, নিজেদের মাঠে ড্র হলেই চলত। কিন্তু ঘরের মাঠ বলেই হয়তো ভয়ের একটা চোরাস্রোতও বইছিল। এই মৌসুমে লিগেই যে স্টামফোর্ড ব্রিজে চারবার হারতে হয়েছে। তবে পরশু চেলসি খেলল গত মৌসুমের প্রিমিয়ার লিগজয়ী দলের মতোই। পোর্তোর সঙ্গে ২-০ গোলের জয়টা হোসে মরিনহোর জন্য অনেক স্বস্তিরও। লিগে তো হতশ্রী দশা, এবার যদি চ্যাম্পিয়নস লিগে কিছু হয়!
চেলসিকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে তুলে চেলসি কোচ নিজেদের বললেন আন্ডারডগ, ‘যে দলটা এভাবে ধুঁকছে অবশ্যই তারা চ্যাম্পিয়নস লিগের দাবিদার নয়। আমার তো মনে হয় এখন আমাদের সঙ্গে সবাই খেলতে চাইবে। বার্সেলোনার সঙ্গে কেউ চাইবে না। রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো বা বায়ার্নের সঙ্গেও নয়। আমার মনে হয় সব দ্বিতীয় দলই আমাদের বা জেনিতকে চাইবে।’ এতটুকু পড়ে একটু বিস্মিত হলেন? মরিনহো পরের কথাতেই তাঁর মতো, ‘তবে এটা মনে রাখা উচিত, ২০০৪ সালে পোর্তো ফেবারিট ছিল না। ২০১০ সালে ইন্টারও নয়। আর ফেবারিট হয়ে রিয়াল মাদ্রিদকে নিয়ে দুবার সেমিফাইনালে খেলেছি, তাই আসলে কিছুই বলা যায় না।’
তুলনায় আর্সেনালের কাজটা ছিল অনেক কঠিন। জিতলেই শুধু হতো না, সেটা হতে হতো দুই গোলের ব্যবধানে। তাও আবার অলিম্পিয়াকোসের মাঠে। আর লন্ডনে এসে এই অলিম্পিয়াকোসই হারিয়ে গিয়েছিল আর্সেনালকে। আর্সেন ওয়েঙ্গারের গ্রিক দেবতাদের আশীর্বাদ দরকার ছিল। কোচের পাশাপাশি আরেকজন ফরাসির ওপরও যেন সেই আশীর্বাদ বর্ষিত হলো অলিম্পাস পর্বত থেকে! অলিভিয়ের জিরুর আর্সেনালের হয়ে প্রথম হ্যাটট্রিক পাওয়ার সময়টা এর চেয়ে ভালো আর হতে পারত না।
এবারের চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচেই ডায়নামো জাগরেবের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন। সানচেজ, কাজোরলা নেই, পরশু আর্সেনালের ত্রাতা হলেই জিরুই। ফরাসি স্ট্রাইকার হেড থেকে প্রথম গোলটা পেলেন ২৯ মিনিটে। বিরতির ঠিক পরে পেলেন চোট, মনে হচ্ছিল মাঠ ছেড়েই চলে যাবেন। কিন্তু ৪৯ মিনিটে দারুণ এক গোলে আবার এগিয়ে দিলেন আর্সেনালকে। এরপর পেনাল্টি থেকে ৫৯ মিনিটে পূর্ণ করলেন হ্যাটট্রিক, আর্সেনালের ১২০০ সমর্থক তখন আবেগে বেসামাল।
ম্যাচ শেষে ওয়েঙ্গার অকুণ্ঠ প্রশংসাই করলেন, ‘জিরুর পারফরম্যান্স ছিল নিখুঁত। সে তার জাত চিনিয়েছে। আমি জানতাম, ওর মধ্যে একটা “স্পেশাল” কিছু আছে। অলিম্পিয়াকোসের সঙ্গে সে সেটাই দেখিয়েছে।’ জিরু নিজেও উচ্ছ্বসিত, ‘প্রথম হ্যাটট্রিকটা পাওয়ার সময়টা এর চেয়ে ভালো হতে পারত না। চোট নিয়ে আমরা অনেক ভুগেছি, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা দল হিসেবে আগের চেয়ে অনেক ভালো।’ এএফপি।