‘লম্বা’ আফগানদের নিয়ে চিন্তা জামাল ভূঁইয়ার
আগামীকাল বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু ‘বিশ্বকাপ’ আমাদের জন্য আনুষ্ঠানিকতা। লক্ষ্য মূলত এশিয়ান কাপের দিকেই। সে লড়াইয়ে আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। কাতারের দোহায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।
বিশ্ব ফুটবলে ১৪৯তম অবস্থানে আফগানিস্তান। বাংলাদেশের অবস্থান ১৮৪। র্যাঙ্কিংয়ের মতো মাঠের পারফরম্যান্সেও বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে আছে আফগানরা। দলটির মূল শক্তি ইউরোপের বিভিন্ন দেশে খেলা আফগান বংশোদ্ভূত ফুটবলাররা। নেদারল্যান্ডস, জার্মানিসহ আরও কয়েকটি দেশে বিভিন্ন পর্যায়ের লিগে খেলা এমন খেলোয়াড় আছেন ১৫ জন। যেমন দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফয়সাল শায়েস্তা খেলেন নেদারল্যান্ডসের পঞ্চম বিভাগে।
২০১৯ সালের সেপ্টেম্বরে দুশানবেতে অনুষ্ঠিত বাছাইপর্বের প্রথম লেগে আফগানিস্তানের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সে ম্যাচে গোল মিসের মাশুল দিয়েছেন জামাল ভূঁইয়ারা। সে ম্যাচের অভিজ্ঞতা থেকেই দোহায় ফিরতি ম্যাচের আগে অধিনায়ক জামাল আফগানদের শারীরিক উচ্চতা ও শক্তিকে সমীহ করছেন। শারীরিকভাবে এগিয়ে থাকা মানে মাঠের লড়াইয়েও সুবিধা। এক ভিডিও বার্তায় জামাল বলেছেন সেটিই, ‘আফগানিস্তানের সঙ্গে ম্যাচ আছে বিশ্বকাপ বাছাইপর্বের। কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। ওরা শারীরিকভাবে অনেক এগিয়ে। আমার চেয়ে খেলোয়াড় অনেক লম্বা আছে। কিন্তু কৌশলগতভাবে আমরা শক্তিশালী। আমাদের গতি আছে। দলে কিছু দ্রুতগতির খেলোয়াড় আছে।’
তবে এরপরও দেশের জন্য নিজেদের সর্বোচ্চটা দেওয়ারই প্রত্যয় ঝরেছে তাঁর কণ্ঠে, ‘আমরা চেষ্টা করব সেরাটা খেলার। দেশের জন্য শতভাগ দেব আমরা। আশা করি আমরা ৩ পয়েন্ট নেব।’
মাঠে নামার আগে প্রতিপক্ষকে এগিয়ে রাখছেন বাংলাদেশ কোচ জেমি ডেও, ‘আমরা সবাই জানি খুবই কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। আফগানিস্তান খুব ভালো একটি দল। দলটিতে ইউরোপে ও অন্যান্য দেশে খেলা অনেক খেলোয়াড় আছে। সুতরাং আমাদের ভালো কৌশলী হতে হবে এবং আমাদের সেরাটা দিতে হবে। নিশ্চিত করতে চাই সুযোগ পেলে সেটা কাজে লাগাব।’
বাছাইপর্বের পাঁচ দলের গ্রুপে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতার। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ওমান। ৪ ও ৩ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে আফগানিস্তান ও ওমান।