লম্বা বিরতিতে ফুটবল ভুলে গেছেন মোহামেডান ডিফেন্ডাররা

‘বাংলাদেশের ডিফেন্ডাররা অফ দ্য বল মার্কিং করতে জানে না’—যেকোনো বিদেশি কোচ এলেই এ কথা বারবার বলেন। দেশের সেরা কোচরাও এ কথা ইদানীং বলতে শুরু করেছেন। লিগের দ্বিতীয় পর্বে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডারদের খেলা দেখে দর্শকেরা বলছেন অন্য কথা। তাঁদের মন্তব্য, ‘দীর্ঘ বিরতিতে রক্ষণকাজটাই ভুলে গেছেন মোহামেডানের রক্ষণভাগের খেলোয়াড়েরা।’ দ্বিতীয় পর্বের শুরুর দিন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে তাঁদের যা-তা রক্ষণই দলকে হারিয়েছে ৩-০ গোলে। সেদিন রীতিমতো দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খেয়েছেন দেশের ঐতিহ্যবাহী ক্লাবটির রক্ষণসেনারা। গতকাল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচেও একমাত্র গোলটি হয়েছে ডিফেন্ডারদের ভুলেই।
দর্শকদের মন্তব্য একেবারে ফেলেও দেওয়া যাচ্ছে না। প্রথম পর্বের পর বিরতিটা হয়ে গেছে বেশ লম্বা। দ্বিতীয় পর্বের শুরুতেই মোহামেডানের রক্ষণভাগের খেলোয়াড়দের কৌশল ও কভারিংয়ের দুর্বলতা দেখে অন্তত দর্শকদের কথাই মনে হচ্ছে। প্রতিপক্ষকে ঠেকানোর কোনো কৌশল নিয়ে যে তাঁরা মাঠে নেমেছেন, তার প্রমাণ পাওয়া যায়নি শেখ জামাল কিংবা চট্টগ্রাম আবাহনী—কোনো ম্যাচেই।
শেখ জামালের বিপক্ষে ৩-০ গোলে হারা ম্যাচে মোহামেডানের রক্ষণভাগের খেলোয়াড়েরা আনমার্কড রেখেছিলেন জামালের ফরোয়ার্ডদের। সেখান থেকে প্রায় বিনা বাধায় গোল করেছেন তাঁরা। গতকাল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষেও মোহামেডান গোল খেয়েছে অফসাইডের দাবিতে হাত উঁচু করে দাঁড়িয়ে থেকে।
জামালের বিপক্ষে প্রথম গোলটিতে জাবেদ খানের শট গোলরক্ষক লিটন সেভ করলে ফিরতে বলে টোকা দিয়ে জালে জড়ান সলোমন কিং। দূরের পোস্টে ফলোআপে এসে রাজার মতো গোল করে বেরিয়ে যান গাম্বিয়ান ফুটবলার; অথচ তাঁর কোনো মার্কিংই ছিল না। ওই যে প্রথমে অফ দ্য বল থাকায় তাঁকে মার্কিং করা হয়নি। ম্যাচের দ্বিতীয় গোলটিতে মোহামেডান ডিফেন্ডারদের অগোছালো ভাব ফুটে উঠেছিল আরও। জাহেদ পারভেজের কর্নারে গোললাইনের আট গজের মধ্যে দাঁড়িয়ে আরামে হেড করে বল জালে জড়িয়েছিলেন রাফায়েল ওদোয়িন। গোলমুখে জায়গা নেওয়া নাইজেরিয়ান এই স্ট্রাইকারকে ২-০ করতে তেমন কোনো বাঁধাই পার হতে হয়নি। তৃতীয় গোলটিতে সলোমনের কিংয়ের আলতো ক্রসে গোলমুখ থেকে ফ্লাইং হেডে গোল করেন আনমার্কড জাহেদ পারভেজ।
গতকালও চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মোহামেডান হজম করল হাস্যকর এক গোল। গোলদাতা জাহিদ হোসেন অফসাইড পজিশনে আছেন—এই দাবিতে হাত তুলে মোহামেডানের ডিফেন্ডাররা তাঁকে মার্কিংই করলেন না। অনায়াসে গোলমুখ খুললেন জাহিদ।
ডিফেন্ডারদের এমন পারফরমেন্স অসন্তুষ্টি প্রকাশ করলেন বর্তমান কোচ রাশেদ পাপ্পু, ‘শেখ জামালের বিপক্ষে রক্ষণভাগের অনেক ভুলই ছিল। যার খেসারত দিতে হয়েছে। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষেও রক্ষণভাগের ভুলে গোল হজম করলাম। তবে দোষটা শুধু ডিফেন্ডারদের দিতে চাই না; মাঝমাঠ ঠিকমতো কাজ না করার কারণেই তাদের ওপর চাপ পড়ছে বেশি।’
অথচ এই দুই ম্যাচ হারার আগে প্রথম পর্বের শেষ ছয় ম্যাচে অপরাজেয় ছিল মোহামেডান। দুই ড্রয়ের বিপরীতে জয় ছিল ৪টি। আর প্রতিপক্ষের জালে ১২ গোল দেওয়ার বিপরীতে নিজেরা গোল হজম করেছিল ৬টি। লম্বা বিরতি শেষে টানা দুই ম্যাচে হার। পরবর্তী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের বিপক্ষে মাঠে নামতে হবে তাদের। এই ম্যাচের আগেই মোহামেডান খেলোয়াড়েরা নিশ্চয়ই চাইবেন নিজেদের ফিরে পেতে।