লা লিগা জমিয়ে দিল সেভিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখজুড়ানো একটা গোল করলেন লিওনেল মেসি। যে গোল শুধু তাঁকেই মানায়। প্রায় ৭ সপ্তাহ পর লিগে আবারও গোল পেলেন নেইমার। ম্যাচের আধা ঘণ্টা যেতেই বার্সেলোনা এগিয়ে ২-০ গোলে। তার পরও পরশু র্যা মন সানচেজ স্টেডিয়ামে ম্যাচটা জিততে পারল না লুইস এনরিকের দল। সেভিয়ার ঘুরে দাঁড়ানো পারফরম্যান্সে শেষ পর্যন্ত ম্যাচ ২-২ ড্র। আর এটাই মৌসুমের শেষ সময়ে এসে জমিয়ে দিল লা লিগার শিরোপার লড়াইটাও। ৩১ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭৫, সমান ম্যাচ খেলে ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। ব্যবধান মাত্র ২ পয়েন্টের।
বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুই দলেরই ৭টি করে ম্যাচ বাকি। দুই দলই এর পর ৪টি করে ম্যাচ খেলবে নিজের মাঠে। এর মধ্যে বার্সেলোনাকে খেলতে হবে লা লিগায় তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ ও চতুর্থ স্থানে থাকা ভ্যালেন্সিয়ার বিপক্ষে। দুটি দলের বিপক্ষেই অবশ্য লিগের প্রথম লেগে জয় পেয়েছে বার্সেলোনা। খুব একটা সহজ নয় রিয়াল মাদ্রিদের বাকি পথচলাও। ভ্যালেন্সিয়ার সঙ্গে ম্যাচ বাকি আছে কার্লো আনচেলত্তির দলেরও। গত জানুয়ারিতে এই ভ্যালেন্সিয়ার মাঠেই ২-১ গোলে হেরে এসেছিল রিয়াল। পরশু বার্সেলোনার টানা ৯ ম্যাচের জয়রথ থামিয়ে দিয়েছে যারা, সেই সেভিয়ার বিপক্ষেও খেলতে হবে রিয়ালকে। শেষ অঙ্কে তাই হয়তো অনেক নাটকীয়তাই জমিয়ে রেখেছে লা লিগা।
অবশ্য এক ড্রতেই হিসাব খুব বেশি বদলে গেছে বলে মনে করেন না বার্সেলোনা কোচ লুইস এনরিকে, ‘আমি জানি না কীভাবে হিসাব বদলাল। আমি অঙ্কে কাঁচা। ৩৮ সপ্তাহের আগে কীভাবে লিগ শেষ হয়, এটা আমি ঠিক বুঝতে পারি না। আমি যতটা বুঝি ৩১ সপ্তাহ গেছে এবং এখনো আমরাই শীর্ষে।’ কোচের কথারই প্রতিধ্বনি বার্সেলোনা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার কণ্ঠেও, ‘আমরা এই ড্রটাকে অতিনাটকীয়ভাবে দেখছি না মোটেও। আমরা এখনো লিগের শীর্ষে, মৌসুম থেকে আরও একটা সপ্তাহই কমেছে শুধু।’ এএফপি, রয়টার্স।