লা লিগা বিসর্জন দিতেও প্রস্তুত বার্সেলোনা!

লা লিগার দ্বিতীয় সেরা দল। লিগ জিতেছে ২২ বার। কিংস কাপ বা কোপা ডেল রের ইতিহাস-সেরা দল। কাপ জিতেছে ২৬ বার। স্প্যানিশ সুপার কাপও বার্সেলোনার মতো জেতেনি আর কেউ। সুপার কোপা ডি এসপানা জিতেছে ১১ বার। শুধু কি স্পেন? বার্সেলোনা বিশ্বেরই অন্যতম সেরা দল। সেই বার্সেলোনাকে হারিয়ে ফেলা হবে স্প্যানিশ ফুটবলের জন্য বড় ক্ষতি। বার্সেলোনার জন্যও কথাটা সত্যি। স্পেনের ফুটবলকে বার্সেলোনার দরকার, স্পেনের ফুটবলেরও বার্সেলোনাকে চাই।
কিন্তু বার্সেলোনা শেষ পর্যন্ত লা লিগা থেকে সরে যাওয়ার শঙ্কাটাই হয়তো মাথা পেতে নিতে চলেছে। কাতালান জাতীয় চেতনার প্রতীক হয়ে আছে যে ক্লাবটি, আজ যখন কাতালুনিয়া স্বাধীনতা চাইছে, সেই বার্সেলোনা কি মুখ ফিরিয়ে থাকতে পারে? কাতালুনিয়ার স্বাধীনতার পক্ষেই নিজেদের অবস্থান নেওয়ার কথা জানিয়ে দিয়েছে বার্সা।
সিদ্ধান্তটা নেওয়া অতটা সহজ ছিল না। কাতালুনিয়া স্পেন থেকে আলাদা হয়ে গেলে স্প্যানিশ আইনেই লা লিগায় খেলার অধিকার হারাবে বার্সেলোনা। লা লিগায় না খেলে নিজেদের লিগে খেললে ক্লাবের রাজস্ব ও বাণিজ্যিক অবস্থা কী দাঁড়াবে, সেই চিন্তাটাও খুব গুরুত্বের সঙ্গেই করতে হয়েছে ক্লাবের পরিচালনা পর্ষদকে। এমনকি স্বাধীন দেশের লিগে তারা মেসি-নেইমার-সুয়ারেজদের মতো বিশ্বখ্যাত তারকাদের ধরে রাখতে পারবে কি না, সেই চিন্তাটাও ছিল। কিন্তু সব কিছু দূরে সরিয়ে শেষ পর্যন্ত বার্সেলোনা জানিয়ে দিয়েছে, এত দিন ধরে লালিত নীতি থেকে সরে দাঁড়ানো মানেই নিজেদের শেকড়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা। বার্সেলোনার শেকড় তো ওই কাতালুনিয়াই।
নিজেদের অবস্থান জানাতে বার্সেলোনা দেরি করছিল বলে সমর্থকদের ক্ষোভও বাড়ছিল। কাতালুনিয়ার অধিবাসীরা প্রায় সবাই বার্সেলোনার সমর্থক—এটা তো সর্বজনবিদিতই। মূল সমস্যাটা ছিল কাতালুনিয়ার বাইরে গড়ে ওঠা বার্সার সমর্থকগোষ্ঠী নিয়ে। তাঁরা প্রায় কেউই চান না বার্সেলোনা লা লিগা থেকে আলাদা হয়ে যাক। আন্তর্জাতিক স্তরেও এ নিয়ে মিশ্র মতামত। কিন্তু বার্সেলোনা শেষ পর্যন্ত কাতালানদের কণ্ঠে কণ্ঠ মেলানোর সিদ্ধান্তটাই নিয়ে নিয়েছে। কাতালুনিয়ার স্বাধীনতা প্রশ্নে আনুষ্ঠানিক সমর্থনটা প্রকাশিত হয়েছে বার্সেলোনার ওয়েবসাইটেও। বার্সেলোনা সই করেছে স্বাধীনতাকে সমর্থন দানের প্রশ্নে সাজানো ঐতিহাসিক এক চুক্তিতে। যেখানে কাতালুনিয়ার ৩ হাজার ৫০০ সংগঠন এ ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছে। এরা সবাই আনুষ্ঠানিকভাবেই কাতালুনিয়ার স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজনের পক্ষে সমর্থন জানিয়েছে।
কাতালুনিয়া স্পেন থেকে আলাদা হয়ে গেলেও স্প্যানিশ লিগে বার্সেলোনার খেলার সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে। তবে সে ক্ষেত্রে স্প্যানিশ আইনসভায় এ-সংক্রান্ত আইন সংশোধন করতে হবে। তবে স্পেনকে দাগা দিয়ে যে কাতালুনিয়া আলাদা হয়ে যাবে, তাদের একটা দলকে স্পেন তাদের লিগে রেখে দেওয়ার জন্য আইন পাস করবে কি না, সেটাও দেখার। সূত্র: গোল ডটকম।