লা লিগা হচ্ছে, ধর্মঘট বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূর হলো শঙ্কা। বন্ধ হচ্ছে না লা লিগা। সময়মতোই শেষ হচ্ছে লিগ। স্পেনের উচ্চ আদালতের হস্তক্ষেপে আপাতত সরে গেছে স্প্যানিশ ফুটবলকে ঘিরে ধরা কালো মেঘ। কাল প্রস্তাবিত ধর্মঘটকে অবৈধ ঘোষণা করেছেন স্পেনের হাইকোর্ট। যার অর্থ আগামী রোববার সূচি অনুযায়ীই মাঠে গড়াচ্ছে লিগের খেলা। আর ওই দিনই নিষ্পত্তি হয়ে যেতে পারে শিরোপাও। ভিসেন্তে ক্যালদেরনে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদকে হারালেই এক ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হবে বার্সেলোনা। নির্ধারিত সময়ে হবে কোপা ডেল রের ফাইনালও। ৩০ মে যেখানে মুখোমুখি বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও।
টেলিভিশন সম্প্রচারস্বত্ব নিয়ে ন্যাশনাল প্রফেশনাল ফুটবল লিগের (এলএফপি) সঙ্গে বিরোধে জড়িয়ে ১৬ মে থেকে অনির্দিষ্টকালের লিগ বন্ধের হুমকি দেয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। ফুটবলারদের সংগঠনও (এএফই) ডাক দেয় অনির্দিষ্টকালের ধর্মঘটের। এলএফপি এরপরই যায় আদালতে। কাল আদালত এক আদেশে বলেন ধর্মঘট চললে ‘লিগ শেষ করা যাবে না’ ও ‘চরম প্রাতিষ্ঠানিক অরাজকতা সৃষ্টি হবে’।
ঝামেলাটা তৈরি হয় স্প্যানিশ সরকার টেলিভিশন স্বত্ব নিয়ে নতুন আইন করায়। নতুন আইনে টেলিভিশন সম্প্রচার চুক্তি থেকে পাওয়া অর্থের শতকরা ৯০ ভাগই বরাদ্দ রাখা হয় লা লিগার জন্য। বাকি ১০ ভাগ দ্বিতীয় বিভাগের জন্য। নতুন আইনকে সমর্থন করে স্পেনের শীর্ষ দুই ফুটবল লিগের আয়োজক এলএফপি। কিন্তু সরকারের নতুন আইনে নিচু সারির ক্লাবগুলো আর্থিকভাবে তেমন কিছু পাবে না—এই যুক্তিতে ধর্মঘট ডাকেন ফুটবলাররা। যাতে সমর্থন ছিল ইকার ক্যাসিয়াস ও আন্দ্রেস ইনিয়েস্তার মতো শীর্ষ খেলোয়াড়দেরও। অন্যদিকে স্পেনের অন্যান্য ফুটবল টুর্নামেন্ট ও রেফারিদের নিয়ন্ত্রক সংস্থা ফুটবল ফেডারেশনও মনে করে তাদের উপেক্ষা করা হয়েছে।
গত শুক্রবার এলএফপি প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস ধর্মঘট ও লিগ স্থগিতের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন। এক দিন খেলা না হলে ৫ কোটি ইউরো ক্ষতি হবে বলেও সতর্ক করে দেন তেবাস। এএফপি।