লা লিগায় রোনালদোই সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে জীবনসঙ্গীনী ইরিনা শায়াকের সঙ্গে রোনালদো। ছবি: মার্কা
অনুষ্ঠানে জীবনসঙ্গীনী ইরিনা শায়াকের সঙ্গে রোনালদো। ছবি: মার্কা

সময় এখন ক্রিস্টিয়ানো রোনালদোর। এ বছরের শুরুতেই জিতেছিলেন ব্যালন ডি’অর। গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন ‘লা ডেসিমা’। নতুন মৌসুমেও ছুটছেন দুরন্ত গতিতে। এবারও ব্যালন ডি’অর জিতবেন কি না, তা জানতে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে তার আগে জিতে নিলেন আরেকটি সম্মানজনক পুরস্কার। লা লিগায় গত মৌসুমের (২০১৩-১৪) সেরা খেলোয়াড় হয়েছেন রোনালদো।
গত লিগে ৩০ ম্যাচ খেলে রোনালদো গোল করেছিলেন ৩১টি। লা লিগা শিরোপাটা অবশ্য তাঁর দল রিয়াল জেতেনি, তবে তিনি যে পারফরম্যান্স দেখিয়েছেন, তার স্বীকৃতি হিসেবেই এ পুরস্কার। ২০০৮-০৯ মৌসুমে প্রবর্তনের পর টানা পাঁচবারই লা লিগার সেরা খেলোয়াড় হয়েছিলেন লিওনেল মেসি।
সুখবর আছে আরও। ডিয়েগো কস্তাকে পেছনে ফেলে পেলেন লা লিগার মৌসুম-সেরা ফরোয়ার্ডের পুরস্কার। এমনকি গত মে মাসে সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ব্যাক হিলে করা তাঁর গোলটা হয়েছে মৌসুমের সেরা গোলও। হ্যাটট্রিক পুরস্কার পেয়ে রোনালদোর অভিব্যক্তি, ‘দারুণ এক রাতে হ্যাটট্রিক পুরস্কার! ’
সেরা কোচের পুরস্কার পেয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদকে গত মৌসুমে লিগ জেতানো ডিয়েগো সিমিওনে। রিয়ালেই গেছে আরও দুটি পুরস্কার—সেরা ডিফেন্ডার সার্জিও রামোস, সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার লুকা মডরিচ। রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কেইলর নাভাস হয়েছেন সেরা গোলরক্ষক (গত মৌসুমে তিনি খেলেছেন লেভান্তের হয়ে)। এখানে বার্সেলোনার প্রাপ্তি সামান্যই—পেয়েছে একটি মাত্র পুরস্কার। সেরা অ্যাটাকিং মিডফিল্ডার হয়েছেন দলের মধ্যমাঠের অন্যতম ভরসা আন্দ্রেস ইনিয়েস্তা। সূত্র: মার্কা ও গোলডটকম।