লা লিগায়ও ছন্দের খোঁজে রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা ম্যাচ যেন রিয়াল মাদ্রিদকে বদলে দিয়েছে অনেকটাই। সান্তিয়াগো বার্নাব্যু চ্যাম্পিয়নস লিগে বাসেলের বিপক্ষে সেই ম্যাচের আগে রিয়ালকে মনে হচ্ছিল দিগ্ভ্রান্ত এক দল। লা লিগায় প্রথম তিন ম্যাচে দুটিতে হার। দুই প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও অ্যাটলেটিকোর চেয়ে শুরুতেই পিছিয়ে পড়ায় সমর্থকেরা হতাশ। সমালোচনায় পুড়ছিলেন কোচ কার্লো আনচেলত্তি। সেই রিয়ালই বাসেলকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে আবারও ছন্দে। হতাশার গুমোট কাটিয়ে রিয়ালকে আত্মবিশ্বাসীও করে তুলছে এই ম্যাচটাই। সেই আত্মবিশ্বাস নিয়েই আজ লা লিগায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে মাঠে নামবে আনচেলত্তির দল।
২০০৯ সালের পর লিগে কখনো টানা তিন ম্যাচে হারেনি রিয়াল মাদ্রিদ। সোসিয়েদাদ ও অ্যাটলেটিকোর বিপক্ষে পরপর দুটি হারের পর আজ তাই ঘুরে দাঁড়ানোর ব্যাপারে যথেষ্ট প্রত্যয়ী আনচেলত্তিও, ‘রিয়ালের হয়ে টানা দুই ম্যাচ হারতেই অভ্যস্ত নই আমি। আশা করছি, এতে অভ্যস্ত হতে হবেও না।’
বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ আজ নিজের মাঠে খেলবে সেল্টা ভিগোর বিপক্ষে। অ্যাটলেটিকোর কোচ হিসেবে পরশু হাজার দিন পার করেছেন ডিয়েগো সিমিওনে। উপলক্ষটা জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চাইবেন তিনিও।
একই দিনে জার্মানিতে মাঠে নামছে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখও। ভলফ্সবুর্গ আর স্টুটগার্টের বিপক্ষে জিতলেও শালকের সঙ্গে ড্র করে এরই মধ্যে পয়েন্ট হারিয়েছে পেপ গার্দিওলার দল। চ্যাম্পিয়নস লিগেও ম্যানচেস্টার সিটির বিপক্ষে তাদের জয়টা ছিল কষ্টার্জিত। তবে এসব কারণে প্রতিপক্ষকে কোনোভাবেই হালকা করে নিচ্ছেন না আজকের ম্যাচে বায়ার্নের প্রতিপক্ষ হামবুর্গের কোচ জোসেফ জিনবাওর, ‘আগে কোন ম্যাচে ওরা কী করেছে সেটা এই ম্যাচে অপ্রাসঙ্গিক। বায়ার্ন যেভাবে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে খেলে সেটা অন্য কোনো দল পারে না। ওরা বিশ্বসেরা দল।’ এএফপি।