লা লিগার আকাশে কালো মেঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মধ্যে শিরোপাজয়ের তীব্র লড়াই চলছে। সেই লা লিগাই কিনা বন্ধ হওয়ার উপক্রম!
পেশাদার ফুটবল লিগের নতুন টেলিভিশন সম্প্রচার স্বত্ব আইন নিয়েই লেগেছে দ্বন্দ্ব। স্পেন সরকারের সঙ্গে ওই দ্বন্দ্বে জড়িয়ে ১৬ মে থেকে স্পেনের সব ধরনের পেশাদার ফুটবল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
গত সপ্তাহে স্পেনের পেশাদার ফুটবল ক্লাবগুলোর জন্য নতুন টেলিভিশন সম্প্রচার স্বত্ব আইন করে স্পেন সরকার। মন্ত্রিসভায় ওই আইন অনুমোদনের পর এখন পার্লামেন্টে পাস হওয়ার অপেক্ষায়। এই প্রক্রিয়ায় শক্ত সমর্থন দিয়েছে স্পেনের পেশাদার লিগ কর্তৃপক্ষেরও (এলএফপি)। আগে স্পেনের ফুটবল ক্লাবগুলো টেলিভিশন সম্প্রচার স্বত্ব নিয়ে নিজেরাই সুবিধামতো দর-কষাকষি করে চুক্তি করতে পারত। কিন্তু নতুন আইনে এই স্বত্বচুক্তি হবে ইংলিশ প্রিমিয়ার লিগের মতো নিলামের মাধ্যমে। এতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো বড় ক্লাবগুলোর আর্থিক আধিপত্য কমবে এবং লাভবান হবে ছোট ক্লাবগুলো।
আরএফইএফের দাবি, সরকার আলোচনা করে এ আইন করেনি। কাজেই এটা বাতিল করতে হবে। আরএফইএফ এও মনে করে, আইনটি তাদের প্রতি একধরনের অশ্রদ্ধাই, এমনকি ফুটবলে সরকারের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপও।
পরিস্থিতি যা, তাতে লা লিগার চলতি মৌসুমের সর্বশেষ দুই রাউন্ড এখন অনিশ্চিত, বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদের গুরুত্বপূর্ণ ম্যাচও আছে এ তালিকায়। ৩০ মে বার্সা-অ্যাথলেটিক বিলবাওয়ের স্প্যানিশ কাপের ফাইনালও সংশয়ের কালো মেঘে ঢাকা। আরএফইএফের ওয়েবসাইটে বিবৃতিতে অবশ্য জানানো হয়েছে, স্পেন সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনায় তারা প্রস্তুত।
কোনো আলোচনা ছাড়া সরকার এ আইন পাস করায় প্রতিবাদ করেছে স্প্যানিশ ফুটবলার্স অ্যাসোসিয়েশনও (এএফই)। এএফইর প্রতি নিজের সমর্থন দিয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসিও, ‘এএফই আমাদের সঙ্গে দেখা করে কথা বলেছে। আমরা খেলোয়াড়েরা তাদের সঙ্গে আছি।’ এএফপি, রয়টার্স।