লা লিগার দৌড়ে ছুটছে রিয়াল

আবারও একটা কর্নার, সে কর্নার থেকে জয়সূচক গোল রিয়াল মাদ্রিদের। ‘লস ব্লাঙ্কো’দের ম্যাচ মানেই ইদানীং এমন কোনো দৃশ্য দেখার নিশ্চয়তা। তবে চিত্রনাট্যে একটু রদবদল হলো আজ। সার্জিও রামোস কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো নন, রিয়ালকে জয় এনে দিল কাসেমিরোর গোল। অ্যাথলেটিক বিলবাওকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থানটা আরও এক সপ্তাহের জন্য বার্সেলোনার নাগালের বাইরে নিয়ে গেল রিয়াল।
বেশ কিছুদিন পর আবারও লিগের কোনো ম্যাচে রিয়ালের ‘বিবিসি’র ত্রিমূর্তিকে দেখা গেল। কিন্তু সান মেমেসে ঠিক ছন্দে পাওয়া গেল না তাঁদের। ১০ মিনিটেই বল জালে পাঠালেও রোনালদোর গোলটা বাতিল হলো অফ সাইডে। ২৫ মিনিটে অবশ্য আর তাঁকে আটকাতে পারেনি বিলবাও। তাঁর চমৎকার এক ক্রস ঠান্ডা মাথায় জালে পাঠিয়ে রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজেমা। পরের মিনিটেই গোলের দেখা পেতে পারতেন বেলও। কিন্তু বিলবাও গোলরক্ষকের পরীক্ষা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই ঝাঁপিয়ে পড়ে বিলবাও। মুহুর্মুহু আক্রমণে তটস্থ করে তোলে রিয়ালের রক্ষণভাগ। ৬৫ মিনিটে ফলও পেয়ে যায় তারা। ডান প্রান্ত থেকে উইলিয়ামসের ক্রসে রাউল গার্সিয়া মাথা ছুঁয়ে থালায় সাজানো খাবারের মতো বল বানিয়ে দেন আদুরিজকে। আর সেটা মাপা হেডে জালে পাঠিয়ে ম্যাচে সমতা আনেন আদুরিজ।
তিন মিনিট পর রিয়ালের দ্বিতীয় গোলটাও এল প্রায় একই ভাবে। কর্নার থেকে উড়ে আসা বলে রোনালদোর হেডটা জালে না লেগেও কাজের কাজটা ঠিকই হয়েছে। বলটা পড়ল কাসেমিরোর পায়ে। খানিকটা সময় নিয়ে এই ডিফেন্সিভ মিডফিল্ডার বল পাঠিয়ে দিলেন জালে। আবারও এগিয়ে গেল জালে। ম্যাচের বাকি সময়টা বারবার চেষ্টা করেও আর কোনো গোল করতে পারেনি দুই দল।
এ জয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে গেল রিয়াল। লিগের বাকি আর ১১ ম্যাচ। তবে এর আগেই আন্তর্জাতিক ম্যাচের বিরতি চলবে ইউরোপিয়ান লিগগুলোতে।