মেসি বলছেন, লা লিগার শিরোপাটা ইনিয়েস্তার প্রাপ্যই ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরোপাটা বন্ধু ইনিয়েস্তারই প্রাপ্য, মনে করেন মেসি। ছবি: এপি
শিরোপাটা বন্ধু ইনিয়েস্তারই প্রাপ্য, মনে করেন মেসি। ছবি: এপি
>
লা লিগার শিরোপা জিতে এটিকে আন্দ্রেস ইনিয়েস্তাকে উৎসর্গ করেছেন লিওনেল মেসি। বলেছেন, এই শিরোপাটা তাঁর প্রাপ্যই ছিল।


লিওনেল মেসির না বললেও চলত। এবারের লা লিগায় অন্তত বার্সেলোনা তাঁর আর সব প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলেছে বড় ব্যবধানেই। এমন দাপুটে ফুটবল খেলে শিরোপা জয়ের পর আনন্দের বাঁধ ভেঙে যাওয়ারই কথা। বার্সেলোনা ফুটবলাররা সাফল্যের উদ্‌যাপনটাও করছেন মন-প্রাণ উজাড় করে দিয়েই। তবে মেসি এবারের লা লিগা শিরোপাটা পুরোপুরিই উৎসর্গ করছেন আন্দ্রেস ইনিয়েস্তাকে।

কাল দেপোর্তিভোর বিপক্ষে ৮৭ মিনিটে মাঠে নেমেছিলেন ইনিয়েস্তা। বার্সেলোনার জার্সি গায়ে নিজের ৬৭০তম ম্যাচে সতীর্থরা তাঁকে উপহার দিল লিগ শিরোপা। মাত্র দুদিন আগে এক আবেগঘন সংবাদ সম্মেলনে বার্সেলোনাকে বিদায় বলা ইনিয়েস্তাকে শুভেচ্ছাই জানিয়েছেন মেসি, ‘ইনিয়েস্তার চলে যাওয়াটা সত্যিই ক্লাব ও আমাদের সবার জন্য দুঃখজনক একটা ব্যাপার। তবে এই শিরোপাটা তাঁর প্রাপ্যই ছিল। সে ক্লাবের জন্য এত দিন যা যা করেছে, সেটা আমলে নিলে এই শিরোপাটা তাঁরই। আমি তাঁর সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।’

এবারের লিগে বার্সেলোনা অপরাজিত থেকেই শিরোপা জিতেছে। ব্যাপারটা দারুণ লাগছে আর্জেন্টাইন তারকার, ‘আমরা এবারের লিগে আমাদের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক এগিয়ে ছিলাম। গোটা মৌসুমে আমরা একটি ম্যাচও হারিনি। ব্যাপারটা দুর্দান্তই। এবারের মৌসুমটা আমাদের জন্য বিশেষ কিছুই। হ্যাঁ, আমরা কোনো ম্যাচ হারিনি, কিন্তু বেশ কিছু ম্যাচে আমরা কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিলাম। আমরা সেই চ্যালেঞ্জগুলো উতরেই সাফল্য পেয়েছি।’

গত দশ মৌসুমে এটি বার্সেলোনার সপ্তম লিগ শিরোপা। চার মৌসুমে তৃতীয় ডাবল। গত সপ্তাহে সেভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে কোপা ডেল রের শিরোপাটা নিজেদের করে নেওয়ার পর লা লিগা। এমন সাফল্যের পরেও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রোমার বিপক্ষে অভাবনীয় হার সমর্থকদের মনে একটা খচখচানি, একটা আফসোস রেখেই যাচ্ছে। ব্যাপারটা মেসির কাছেও একটা বড় আক্ষেপ, ‘এবারের মৌসুমে আমরা যা খেলেছি, সেটা বিবেচনায় নিলে চ্যাম্পিয়নস লিগের হারটা অপ্রত্যাশিতই। কিন্তু আমরা কোনো ম্যাচ না হেরে লিগ জিতেছি। এটাও কিন্তু কম কৃতিত্বের নয়।’