লা লিগার শিরোপার সমীকরণ তাহলে কী দাঁড়াল?

এক ম্যাচেই বদলে গেল লা লিগার সব সমীকরণ। এক ম্যাচ হাতে রেখে তিন পয়েন্টে এগিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু কাল ঘরের মাঠে রিয়াল ৩-২ গোলে হেরে যাওয়ায় লিগ শিরোপাটা ভালোই জমে উঠেছে স্পেনে। মাত্র এক সপ্তাহ আগেও রিয়ালই লা লিগা জিতছে বলে দিয়েছেন অনেকে, সে শিরোপাই এখন আবার বার্সেলোনার হাতে শিরোপা তুলে দিচ্ছেন বিশেষজ্ঞরা! প্রশ্নটা উঠে যাচ্ছে, এবারের লা লিগা ট্রফি কার ঘরে যাচ্ছে?
পয়েন্ট তালিকার চূড়ায় এখন বার্সেলোনা। তবে রিয়াল মাদ্রিদের হাতে এখনো এক ম্যাচ বাড়তি আছে। পা না হড়কালে, রিয়ালকে হটানোর সাধ্য নেই বার্সেলোনার। কিন্তু রিয়ালের সামনে এখন অনেকগুলো চ্যালেঞ্জ। লিগে রিয়ালের যে ছয়টি ম্যাচ বাকি, এর চারটিই প্রতিপক্ষের মাঠে। দেপোর্তিভো লা করুনিয়া, গ্রানাডা, সেল্টা ভিগো বা মালাগা—নামে-ভারে কোনো দলই ভয় জাগাচ্ছে না নিশ্চয়ই! পয়েন্ট টেবিলের ১৯ নম্বর দল গ্রানাডাকে নিয়ে দুশ্চিন্তা হয়তো না করলেও চলবে রিয়ালের।
তবে অন্য তিনটি দল নিয়ে দুশ্চিন্তায় ভোগা উচিত ‘লস ব্লাঙ্কো’দের। কারণ নিজেদের মাঠে এই তিন দলই বার্সেলোনাকে হারিয়েছে। এবার যে তারা রিয়ালকে হারিয়ে বার্সাকে শিরোপা উপহার দেবে না সে কথা কে বলবে! এর মাঝে দেপোর্তিভোর সঙ্গে ঘরের মাঠের জয়টাও এসেছিল শেষ ৮ মিনিটের মারিয়ানো-রামোস ঝলকে। লাল কার্ড দেখায় দেপোর্তিভোর বিপক্ষে সেই রামোসই থাকবে না। পেপে আর ভারানের চোট আরও দুর্বল করে রাখছে রিয়ালের রক্ষণ।
ঘরের মাঠে যে দুই ম্যাচ খেলবে রিয়াল সে দুটিতেও প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া ও সেভিয়া। বার্সার কাছে হারের আগে লা লিগায় শুধু এই দুই প্রতিপক্ষের কাছেই হেরেছে রিয়াল। সরাসরি লালকার্ড হওয়ায় ভ্যালেন্সিয়ার বিপক্ষেও না থাকতে পারেন রামোস, দুই ম্যাচ যদি নিষিদ্ধ হন। চোট ও নিষেধাজ্ঞা মিলিয়ে কোচ জিনেদিন জিদানের হাতে এখন মাত্র একজন সেন্ট্রাল ব্যাক আছে! আগামী দুই ম্যাচ দল সাজানো নিয়েই ঝামেলায় পড়বেন জিদান।
জিদানের ভাবনা এখানেই শেষ হয়ে যাচ্ছে না। দল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে, যেখানে অ্যাটলেটিকো মাদ্রিদ। আগের একপেশে মাদ্রিদ ডার্বির পরিসংখ্যান ডিয়েগো সিমিওনের হাত ধরে যারা বদলে দিয়েছে। জিদানকে তার একাদশও ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হবে যেন ক্লান্তি না পেয়ে বসে। আরও একটা চোট না সর্বনাশ ডেকে আনে।
উল্টো দিকে রিয়াল পা হড়কালেই কাজ সোজা হয়ে যাবে বার্সার। রিয়ালের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এই জয়ে এগিয়ে গেছে বার্সা। লা লিগার নিয়ম হলো, শীর্ষে থাকা দুদলের পয়েন্ট সমান হলে মুখোমুখি লড়াইয়ের হিসাবটাই দেখা হয়। এবার লিগে ঘরের মাঠে ড্র করা বার্সা কাল রিয়ালের মাঠে গিয়ে জিতে এল।
বার্সার বাকি পাঁচ ম্যাচের প্রতিপক্ষও দেখুন: ওসাসুনা, এসপানিওল, ভিয়ারিয়াল, লাস পালমাস ও এইবার। এর মাঝে প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলতে হবে এসপানিওল ও লাস পালমাসের সঙ্গে। লিগে এই দুই দলের সঙ্গেই নিজেদের মাঠে জিতেছে বার্সা। তবে গতবার এসপানিওলের মাঠে ড্র করেছিল বার্সা। আর লিগে লাস পালমাসের অবস্থান ১৩তে থাকলেও এই দলটি কিন্তু রিয়ালের সঙ্গে দুই ম্যাচেই ড্র করেছে। নিজেদের মাঠেও এই মৌসুমে লিগে শুধু দুই ম্যাচে হেরেছে ক্যানারি দ্বীপের এই দল।
নিজেদের মাঠে শুধু ভিয়ারিয়ালের বিপক্ষেই বড় ম্যাচ আছে বার্সেলোনার। ভিয়ারিয়ালের মাঠে দুই দলের ম্যাচটি ড্র হয়েছিল। কিন্তু ন্যু ক্যাম্পে ভিয়ারিয়ালের হার ছাড়া অন্য কোনো ফলই অঘটন হিসেবে দেখা হবে।
লা লিগাটা দারুণ জমে উঠল শেষ বেলায়!