
আসলেই ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারে এখন একাদশে বৃহস্পতি। চারদিকে সুখবর আর সুখবর। গত বছরের ফিফা ব্যালন ডি’অর জয়ী রিয়াল মাদ্রিদ উইঙ্গার এবারও পেয়েছেন প্রাথমিক মনোনয়ন। অনেকেরই ধারণা এবারও তিনিই জিতবেন, তবে সেটি দেখতে অপেক্ষা করতে হবে জানুয়ারি পর্যন্ত। তার আগে পরশু আরও সুসংবাদ পেয়ে গেলেন রিয়ালের পর্তুগিজ উইঙ্গার। লা লিগায় গত মৌসুমের (২০১৩-১৪) সেরা খেলোয়াড় হয়েছেন রোনালদো।
২০০৮-০৯ মৌসুমে প্রবর্তনের পর টানা পাঁচবারই লা লিগার সেরা খেলোয়াড় হয়েছেন লিওনেল মেসি। গত লিগে ৩০ ম্যাচ খেলে রোনালদো গোল করেছিলেন ৩১টি। রিয়াল মাদ্রিদ লা লিগা হয়তো জেতেনি, তবে দলের হয়েই ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন রোনালদো। একই সঙ্গে ডিয়েগো কস্তাকে পেছনে ফেলে পেলেন লা লিগার মৌসুম-সেরা ফরোয়ার্ডের পুরস্কার। এমনকি গত মে মাসে সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ব্যাক হিলে করা তাঁর গোলটা হয়েছে মৌসুমের সেরা গোলও। একসঙ্গে তিন পুরস্কার হাতে নিয়ে রোনালদো উচ্ছ্বসিত, ‘আমার কাছে দলগত পুরস্কারটাই বেশি গুরুত্বপূর্ণ, তবে ব্যক্তিগত পুরস্কারও ভালোই লাগে। আমি আমার সতীর্থদের ধন্যবাদ দিতে চাই, আমার পরিবারকেও। তাদের ছাড়া এটা সম্ভব হতো না।’
সেরা কোচের পুরস্কারটা পেয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদকে গত মৌসুমে লিগ জেতানো ডিয়েগো সিমিওনে। আর্জেন্টাইন কোচ অর্জনটা ভাগাভাগি করেছেন তাঁর খেলোয়াড়দের সঙ্গে, ‘এ পুরস্কার আমার সব খেলোয়াড়ের। ওদের ছাড়া এটা কিছুতেই সম্ভব হতো না।’
রিয়ালেই গেছে আরও দুটি পুরস্কার—সেরা ডিফেন্ডার সার্জিও রামোস, সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার লুকা মডরিচ। রিয়াল মাদ্রিদের কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাস হয়েছেন সেরা গোলরক্ষক। অবশ্য গত মৌসুমে তিনি খেলেছেন লেভান্তের হয়ে। বার্সেলোনা পেয়েছে একটি মাত্র পুরস্কার—সেরা অ্যাটাকিং মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। গোল ডটকম, মার্কা।