লা লিগায় থাকবে না বার্সেলোনা!

খবরটা বেশ পুরোনোই। কাতালুনিয়া স্বাধীন হয়ে গেলে বার্সেলোনা লা লিগায় খেলার অধিকার হারাবে—এমন শঙ্কা কিন্তু চাউর বেশ কিছু দিন ধরেই। বার্সেলোনা যতই বলুক, রাজনীতির প্রশ্নে তারা নিরপেক্ষ, কিন্তু রাষ্ট্র হিসেবে স্পেন দুই ভাগে বিভক্ত হয়ে গেলে চড়া মূল্য দিতে হবে তাদের!
কাতালানদের দীর্ঘ জাতীয়তাবাদী আন্দোলনে বার্সেলোনার যে একটা বড় ভূমিকা ছিল, সেটা অস্বীকার করার উপায় একেবারেই নেই। আগামী ২৭ সেপ্টেম্বর ভোটের মাধ্যমে কাতালুনিয়ার স্বাধীনতার ব্যাপারটির নিষ্পত্তি ঘটবে। কাতালুনিয়া স্বাধীন হয়ে গেলে স্বাভাবিকভাবেই রাষ্ট্র হিসেবে স্পেন দুই টুকরো হয়ে যাবে। এমনটি ঘটে গেলে বার্সেলোনা যে লা লিগায় খেলার অধিকার হারাবে, সেটা একপ্রকার নিশ্চিতই।
লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের কথাতেই ব্যাপারটা মোটামুটি স্পষ্ট। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, ‘রাজনৈতিক প্রশ্নে স্পেন দুই ভাগে বিভক্ত হয়ে গেলে স্বাভাবিকভাবেই স্প্যানিশ লিগও দুই ভাগে ভাগ হয়ে যাবে।’
বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমোউ অবশ্য বলেছেন, ‘রাজনীতির প্রশ্নে বার্সেলোনা নিরপেক্ষ থাকবে। নির্বাচনের ব্যাপারে আমরা নাক গলাব না। আমরা শুধু খেলা নিয়েই থাকব।’
বার্তেমোউ যতই ‘খেলা নিয়ে থাকার’ কথা বলুন না কেন রাজনীতির আঁচ বার্সেলোনার গায়ে লাগছেই। তেবাসের কথাতেই সে ব্যাপারটা স্পষ্ট, ‘স্প্যানিশ রাষ্ট্র কাঠামোর মধ্যে না থেকেও স্পেন ফুটবল ফেডারেশনের অধীনে কোনো দলের রেজিস্ট্রেশন বহাল থাকাটা খুবই হাস্যকর শোনায়।’ তেবাসের এই মন্তব্য থেকেই তো বুঝে নেওয়া যায় কাতালুনিয়া স্বাধীন হয়ে গেলে কাতালানদের ক্লাব বার্সেলোনার লা লিগায় খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
কাতালুনিয়া স্বাধীন হয়ে গেলে ফুটবল থেকে চিরতরে হারিয়ে যেতে পারে ‘এল ক্ল্যাসিকো’ মহারণ। ক্ল্যাসিকোর কথা বাদ দিন, স্পেন থেকে বেরিয়ে গেলে কাতালুনিয়ার ক্লাব হিসেবে আর্থিক দিক দিয়েও সংকটে পড়তে পারে বার্সেলোনা। বর্তমানে স্প্যানিশ ক্লাব হিসেবে লা লিগার স্পনসরশিপ অর্থের একটা বড় অংশ যায় বার্সার কোষাগারে। মাত্র ৮০ লাখ জনসংখ্যা অধ্যুষিত কাতালুনিয়ার আর্থিক সক্ষমতা যে স্পেনের সমান হবে না, সেটা তো বলে দেওয়াই যায়। স্প্যানিশ স্পোর্টস কাউন্সিলের প্রধান মিগুয়েল কারদেনালের আশঙ্কাটাও অনেকটা এমন, ‘এই মুহূর্তে টেলিভিশন স্বত্বের একটা বড় অংশ বার্সেলোনা পায়। ধরুন কাতালুনিয়া স্বাধীন হয়ে গেল, সে ক্ষেত্রে মাত্র ৮০ লাখ জনসংখ্যা অধ্যুষিত দেশটিতে তো টেলিভিশন বিপণন বলতে কিছুই থাকবে না।’
রাজনীতির আগুনে পুড়ে নিজেদের অস্তিত্ব সংকটের মধ্যেই দেখছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ক্লাবটি। বার্সেলোনাকে স্প্যানিশ লিগে খেলতে না দেখাটা যে বিশ্ব ফুটবলেরই বিরাট ক্ষতি সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আবার অন্য দিক দিয়ে কাতালানদের স্বাধিকার আদায়ের এই আন্দোলনকেও তো তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায় না। আপাতত অপেক্ষা ছাড়া আর কোনো উপায়ই নেই বিশ্বের ফুটবলপ্রিয় মানুষের।