ব্রাজিলের রিভালদো, আর্জেন্টিনার ডিয়েগো সিমিওনে—চাইলে এমন আরও অনেক নাম খুঁজে পাবেন খেলোয়াড়ি জীবনে, যাঁদের গায়ে সেঁটে গিয়েছিল ‘ডাইভার’ অপবাদ। হালকা ধাক্কাতেই এমনভাবে পড়ে যেতেন, যেন বড় আঘাত পেয়েছেন; আদায় করে নিতেন রেফারির সহানুভূতি। এই তালিকায় সম্ভবত প্রথম লাইনসম্যান কার্লোস ইচেভেরিয়া! চিলির প্রিমেরা লিগে সম্প্রতি হুয়াচিপাতো-প্যালেস্তিনো ম্যাচের ঘটনা। সাইডলাইনের কাছাকাছি প্রতিপক্ষ এক খেলোয়াড়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে পেরে উঠতে না পেরে হুয়াচিপাতোর ডিফেন্ডার অ্যাঞ্জেলো সাগাল টোকা দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন বল। সেটি গিয়ে লাগে লাইনসম্যান ইচেভেরিয়ার ঊরুতে। আলতো ছোঁয়া লাগলেও বড় চোটের ভান করে পড়ে যান লাইনসম্যান। ভূপাতিত সহকর্মীকে কাতরাতে দেখে রেফারি ছুটে এসে লাল কার্ড দেখান সাগালকে। চিলির ফুটবলে বেশ আলোড়ন তুলেছে ঘটনাটি। চোখ পড়েছে দেশটির রেফারিজ কমিটিরও। পুরো ঘটনাটা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে তারা। ইএসপিএন।