লাঞ্ছনা-কাণ্ডে বরখাস্ত মেক্সিকো কোচ
মাত্রই কনক্যাকাফ গোল্ডকাপ জিতেছেন। দেশে ফিরে বড় সংবর্ধনাই আশা করেছিলেন মেক্সিকোর কোচ মিগুয়েল হেরেরা। কোথায় কী? উল্টো কোচের হাতে বরখাস্তের চিঠিই ধরিয়ে দিল মেক্সিকো ফুটবল ফেডারেশন।
কনক্যাকাফ অঞ্চলের শিরোপা জয়ের দুই দিনের মাথায় ‘সাংবাদিক লাঞ্ছনার’ অভিযোগে চাকরি হারাতে হলো হেরেরাকে। মেক্সিকো ফুটবল ফেডারেশনের সভাপতি দেসিও দে মারিয়া সংবাদ সম্মেলনে হেরেরাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন।
গোল্ডকাপ জিতে দেশে ফেরার পথে বিমানবন্দরে মেক্সিকোর অ্যাজটেকা টিভির সাংবাদিক ক্রিশ্চিয়ান মার্টিনোলির ঘাড়ে আঘাত করার অভিযোগ ওঠে হেরেরার বিরুদ্ধে। এমনকি কোচ তাঁকে হুমকিও দিয়েছেন বলে জানান মার্টিনোলি। এই সাংবাদিকই গত জুনে কোপা আমেরিকার গ্রুপ পর্বে বাদ পড়ার পর মেক্সিকোর দলের তীব্র সমালোচনা করেছিলেন।
হেরেরা অবশ্য তাঁর কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছিলেন ফেডারেশন সভাপতির কাছে। তাতেও শেষ রক্ষা হলো কই? দে মারিয়া বরখাস্তের কারণ ব্যাখ্যায় ‘লাঞ্ছনা-কাণ্ডের’ সমালোচনা করে স্থানীয় রেডিও চ্যানেলকে বলেছেন, ‘আগ্রাসনের জবাব আগ্রাসন দিয়ে হয় না।’ রয়টার্স।