লাতিন সৌন্দর্য আর শ্রেষ্ঠত্বের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনার কোপা আমেরিকা প্রস্তুতি। পরশু চিলির লা সেরেনায় অনুশীলনে ঘাম ঝরালেন সার্জিও আগুয়েরো আর গঞ্জালো হিগুয়েইনরা  l রয়টার্স
আর্জেন্টিনার কোপা আমেরিকা প্রস্তুতি। পরশু চিলির লা সেরেনায় অনুশীলনে ঘাম ঝরালেন সার্জিও আগুয়েরো আর গঞ্জালো হিগুয়েইনরা l রয়টার্স

বিশ্বকাপের উত্তেজনা আর উন্মাদনা এখানে নেই। কিন্তু বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল তো আছে। ব্রাজিল আছে বলে নেইমারও আছেন। বিশ্বসেরা ফুটবলারদের বিশ্বমঞ্চ এটা নয়। কিন্তু বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি তো আছেন। আর মেসি আছেন মানে তাঁর দল দুবার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাও আছে।
কোপা আমেরিকা সেই টুর্নামেন্ট, যেখানে ব্রাজিল খেলে, আর্জেন্টিনা খেলে। একসময় পেলে-ম্যারাডোনারা খেলতেন, এখন মেসি-নেইমাররা খেলেন। খেলে ফুটবলের প্রথম বিশ্বজয়ী দল উরুগুয়ে আর লাতিন আমেরিকার বাকি সব পরাশক্তি। চাইলে এমন আরও অনেক কারণ দেখানো যাবে আগামী মাস খানেক এ দেশের ফুটবলপ্রেমীদের রাতজাগা আর দিনগুলো ফুটবলময় হয়ে ওঠার পেছনে। কিন্তু ব্রাজিল, আর্জেন্টিনা, মেসি, নেইমার নামগুলোই কি যথেষ্ট নয়! তাহলে তৈরি হয়ে যান। আগামীকাল রাতটা পেরোলেই পরশু ভোর সাড়ে পাঁচটায় চিলির সান্তিয়াগো স্টেডিয়ামে চিলি-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আরও একটা জমজমাট ফুটবল উৎসব।
ফুটবল ইতিহাসে এটাই সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট। ১৯১৬ সালে আর্জেন্টিনায় যখন ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে আর চিলি প্রথমবারের মতো লাতিন ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নেমেছিল, বিশ্বকাপের ভাবনা তখন ফিফা কর্তাদের মাথায়ই আসেনি। ইউরো, কনক্যাকাফ গোল্ড কাপ, আফ্রিকান নেশনস কাপ—এসব তো আরও পরে। কোপা আলাদা আরও একটা কারণে। বৈশ্বিক আসরে নিজেদের সেরা প্রমাণের তাড়নায় লাতিন আমেরিকার দলগুলো নিজেদের ধ্রুপদী ফুটবলের ঐতিহ্যের সঙ্গে আপস করে অনেক সময়। কিন্তু নিজেদের মধ্যে যখন খেলা হয়, তখন সাফল্যক্ষুধা লাতিন নান্দনিকতার গলা টিপে ধরার মতো এতটা আগ্রাসী হয়ে ওঠে না। প্রবল প্রতিদ্বন্দ্বিতার মাঝেও তাই এখানে থাকে ধ্রুপদী লাতিন ফুটবলের আমেজ।
ব্রাজিল-আর্জেন্টিনার মতো দুই চিরপ্রতিদ্বন্দ্বী খেলবে আর সাফল্য-ব্যর্থতার হিসাব-নিকাশ হবে না, তা-ই হয় না কি? বিশ্বকাপের সফলতম দল হলেও নিজেদের মহাদেশে কখনোই সেভাবে রাজত্ব করতে পারেনি ব্রাজিল। প্রথম বিশ্বকাপের মতো প্রথম কোপায়ও চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং কিছুটা বিস্ময়করভাবে ১৫টি ট্রফি নিয়ে এ পর্যন্ত এ টুর্নামেন্টের সবচেয়ে সফল দলও তারা। ১৪টি ট্রফি নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে আর্জেন্টিনা, ব্রাজিল চ্যাম্পিয়ন আটবার। তবে কোপায় সাফল্যের বিচারে আর্জেন্টিনা-উরুগুয়ের চেয়ে কিছুটা পিছিয়ে থাকার আফসোস যেন ব্রাজিল জুড়িয়েছে শেষ ছয়টি আসরে চারবার চ্যাম্পিয়ন হয়ে। অন্যদিকে শুরুর দিকে দাপট দেখানো আর্জেন্টিনা মহাদেশীয় ফুটবলের এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শিরোপাহীন ২২ বছর ধরে! বিশ্বকাপের মতো কোপাও বুঝি আর্জেন্টিনার অপেক্ষার পরীক্ষা নিতে শুরু করেছে!
ঐতিহ্য, ইতিহাস আর পারফরম্যান্স মিলিয়ে এবারও শিরোপার সবচেয়ে বড় দাবিদার এই তিনটি দলই। তাই বলে প্যারাগুয়ে, কলম্বিয়ার মতো দলগুলোকে হিসাবের বাইরে রাখবেন কী করে! কোপা আমেরিকার ট্রফি জেতার স্বাদ তো তারাও পেয়েছে। প্যারাগুয়ে তো সর্বশেষ আসরেও ফাইনাল খেলেছে, কোয়ার্টার ফাইনালে ছিটকে দিয়েছে ব্রাজিলকে। কখনো শিরোপা জেতা হয়নি চিলির। কিন্তু এবার তারা স্বাগতিক। নিজের মাঠে খেলার বাড়তি সুবিধা তো থাকছেই। মেসি-নেইমারদের তাই একতরফা বাজিমাত করতে দেবেন না হামেস রদ্রিগেজ আর আলেক্সিস সানচেজরা।
সৌন্দর্যের রং ছড়ানো উৎসবের মাঝেও লড়াই হবে সমানে সমানে। সেই লড়াইয়ে হার-জিত যাদেরই হোক, লাভ আপনার-আমার মতো ফুটবলপ্রেমীদের।