লামের উত্তরসূরি শোয়েনস্টাইগার

বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন ফিলিপ লাম। জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়কের হঠাত্ এই সিদ্ধান্তে এত দিন শূন্যই ছিল অধিনায়কের পদটা। লামের পর দলের সবচেয়ে জ্যেষ্ঠ ফুটবলার হিসেবে লামের উত্তরসূরি নির্বাচিত হয়েছেন বাস্তেইন শোয়েনস্টাইগার।
আজ রাতে বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি হচ্ছে ডুসেলডর্ফে। আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির এই প্রীতি ম্যাচে অবশ্য চোটের কারণে খেলতে পারছেন না বায়ার্ন মিউনিখের এই ফুটবলার। দেশের হয়ে ১০৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই অভিজ্ঞ ফুটবলারকে ভবিষ্যতের কথা মাথায় রেখেই করা হয়েছে অধিনায়ক। জার্মান ফুটবল ফেডারেশনের ভাষ্য অনুযায়ী শোয়েনস্টাইগারকে অধিনায়ক করা হয়েছে কমপক্ষে দুই বছরের জন্য।
চোটের কারণে জার্মানির নতুন অধিনায়ক থাকছেন না রোববার স্কটল্যান্ডের বিপক্ষে ইউরো-১৬ বাছাইপর্বের খেলাতেও। তবে এই অভিজ্ঞ খেলোয়াড়ের অধিনায়কত্বে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন কোচ জোয়াকিম লো, ‘বাস্তেইন সব সময়ই দলের স্বার্থে নিজের সেরাটা দেয়। আমার তাঁর ওপর যথেষ্ট আস্থা আছে।’
শোয়েনস্টাইগারের অভিজ্ঞতাও লো-কে আশাবাদী করে তুলছে, ‘জার্মান দলে এই মুহূর্তে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় সে। এই পর্যায়ে অভিজ্ঞতার গুরুত্ব অনেক।’
দলে সবার কাছেই শোয়েনস্টাইগারের সম্মান অন্য রকম বলেই জানিয়েছেন জার্মান কোচ, ‘সবাই ওকে খুব পছন্দ করে। সিনিয়র-জুনিয়র সবারই খুব ভালো বন্ধু সে। দলে সে যথেষ্ট শ্রদ্ধার পাত্র। জার্মান দলের অধিনায়ক হিসেবে সে-ই এই মুহূর্তে সবচেয়ে উপযুক্ত।’ এএফপি।