চেলসির বিপক্ষে গতকাল ম্যাচে লাল কার্ড দেখেছেন আর্সেনালের গ্যাব্রিয়েল পলিস্তা ও সান্তি কাজোরলা। প্রিমিয়ার লিগের ইতিহাসে এই নিয়ে ৭৯টি লাল কার্ড হলো আর্সেনালের। সমানসংখ্যক লাল কার্ড দেখেছেন এভারটন খেলোয়াড়েরাও। প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি লাল কার্ড দেখেছেন এ দুটি ক্লাবের খেলোয়াড়েরাই। ৭৭টি লাল কার্ড নিয়ে তালিকায় তিন নম্বরে ব্ল্যাকবার্ন রোভার্স। খেলোয়াড়দের মধ্যে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ৮ বার লাল কার্ড দেখেছেন তিনজন—রিচার্ড ডান, প্যাট্রিক ভিয়েরা ও ডানকান ফার্গুসন। এ তিন খেলোয়াড়ই আবার ক্যারিয়ারের কোনো না কোনো সময় কাটিয়েছেন সবচেয়ে বেশি লাল কার্ডের তালিকায় শীর্ষে থাকা দুটি ক্লাবে। ভিয়েরা তো ক্যারিয়ারের বেশির ভাগ সময়ই খেলেছেন আর্সেনালের হয়ে। লম্বা সময় এভারটনে কাটিয়ে ফার্গুসন ক্যারিয়ার শেষ করেছেন এই ক্লাবটিতেই। ডানের ক্যারিয়ারের শুরুটাও কিন্তু এভারটনেই।