লাল কার্ড আর গোলে আবাহনী–বসুন্ধরা সমানে সমান

দানিয়েল কলিনদ্রেস ও তারিক কাজীর মধ্যে বল দখলের লড়াইছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই ম্যাচের ওপর আবাহনী লিমিটেডের ভাগ্য ঝুলছিল অনেকটাই। হেরে গেলে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের চেয়ে পিছিয়ে পড়ত ৯ পয়েন্টে। দ্বিতীয়ার্ধে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল মারিও লেমোসের দল।

কিন্তু শেষ পর্যন্ত হার এড়িয়ে ম্যাচটি ২-২ গোলে ড্র করতে পেরেছে আবাহনী। তাতে চলমান প্রিমিয়ার ফুটবল লিগে কিংসের সঙ্গে ধানমন্ডির দলটির পয়েন্টের ব্যবধান থাকল ৬-ই।

কিংস আজ জিতে গেলে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক শিরোপার পথে ৮০ ভাগ এগিয়ে যেত। লিগের আকর্ষণও তখন কমে যেত অনেক। কিন্তু আজ দুই বড় দলের লড়াইয়ে শেষ দিকের নাটকীয়তা শেষ পর্যন্ত তা আর হতে দেয়নি।

তবে ২ লাল কার্ড আর ৪ গোলের এই ম্যাচের পাওয়া গেছে দেশের দুই সেরা দলের ফুটবল লড়াইয়ের তুমুল উত্তাপ। জিততে জিততে ড্র করায় কিংসের হয়তো আক্ষেপ থাকবে। তবে শুরুতে গোল খেয়ে এবং ১০ জনের দলে পরিণত হয়েও দিন শেষে অন্তত খালি হাতে ফিরতে হচ্ছে না তাদের সিলেট থেকে।

সিলেট স্টেডিয়ামে নিজেদের হোম ভেন্যুতে আজ প্রথমে এগিয়ে গিয়েছিল আবাহনীই। ২০ মিনিটে মনিরের ক্রসে ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতনকে আটকানোর চেষ্টা করছিলেন কিংসের ডিফেন্ডাররা।

কিন্তু পেছনে ছিলেন দানিয়েল কলিনদ্রেস। সুযোগের ষোলো আনা ব্যবহার করে দুই ডিফেন্ডারের ফাঁক গলে বাঁ পায়ে নিচু শটে ১-০ করে দেন সেই কলিনদ্রেসই। নিজের সাবেক দলের বিপক্ষে কলিনদ্রেসের এটি প্রথম গোল।

লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন সোহেল রানা ও রাকিব হোসেন
ছবি: প্রথম আলো

২৭ মিনিটে কিংস পরিণত হয়েছিল ১০ জনের দলে। কিংসের মিডফিল্ডার সোহেল রানাকে লাল কার্ড দেখান রেফারি। বল দখলের লড়াইয়ে আবাহনীর মিডফিল্ডার ইমন বাবু পেছন থেকে ট্যাকল করে যাচ্ছিলেন সোহেলকে। এই সময় ক্ষুব্ধ হয়ে বল ছাড়াই ইমনের গায়ে কনুই চালিয়ে দেন সোহেল। ইমন পড়ে যান মাটিতে। তাঁকে হলুদ কার্ড দেখান রেফারি।

কিন্তু ১০ জনের কিংসের বিপক্ষে খেলার সুবিধা নিতে পারেনি আবাহনী। উল্টো আবাহনীর নিষ্প্রভ উইংগার রাকিব হোসেন অহেতুল লাল কার্ড দেখেন প্রথমার্ধের শেষ দিকে। কিংসের ডিফেন্ডার রিমনকে ধাক্কা মারেন রাকিব। তাঁকে লাল কার্ড দেখালে দুই দলে তখন সমতা নেমে আসে। অর্থাৎ দুই দলই তখন ১০ জনের দল।

প্রথমার্ধ শেষ হওয়ার আগে ম্যাচ চলার সময়ই ইফতারির বিরতি দেওয়া হয়। আর এই অর্ধে নিজেদের হারিয়ে খোঁজা কিংস দ্বিতীয়ার্ধের শুরুতেই ভিন্ন চেহারায়। এলিটা কিংসলি বদলি হিসেবে মাঠে আসতেই আক্রমণে ধার বেড়ে যায় কিংসের।

রবসন থেকে বল পেয়ে সমতা ফেরান এলিটা। তাঁর বাঁ পায়ের শটে আবাহনীর এক ডিফেন্ডারে গায়ে লেগে দিক বদলে জালে যায় (১-১)। তৃতীয়বারের চেষ্টায় এলিটা যখন গোল করলেন, কিংস আরও জেগে ওঠে।

পরপরই জনির ঠেলে দেওয়া বল বক্সের ওপর থেকে দারুণ শটে ২-১ করেন কিংস অধিনায়ক রবসন দা সিলভা। গোল করে জার্সি খুলে হলুদ কার্ড দেখতে হয়েছে তাঁকে। তবে সেটা নিয়ে আর কে ভাবে! কিংসের ফুটবলাররা তখন জয় দেখছিলেন।

কিন্তু আবাহনী মরণ কামড় দিয়েছে ৮৪ মিনিটে। নাবিবের ঠেলে দেওয়া বল আলতো টোকায় জালে পাঠান দরিয়েলতন। ম্যাচ নাটকীয়ভাবে ২-২।

কিংসের একাদশে সুমনকে রেজাকে সরিয়ে এদিন রাখা হয় মতিনকে। কিন্তু মতিন প্রথমার্ধে নিষ্প্রভ। দ্বিতীয়ার্ধে সুমন রেজা আসেন মাঠে। ২-২ অবস্থায় সহজ সুযোগও হারিয়েছেন কিংসের এই স্ট্রাইকার। বিপলুর জায়গায় আসেন রানিয়েস।

এই সময় কিংসকে দেখা যায় চেনা ছন্দে। দ্বিতীয়ার্ধে জেতার মতো খেলেও জিততে পারল না কিংস। এলিটা, সুমন রেজারা কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেন।

চলতি প্রিমিয়ার লিগে কিংস প্রথম তিনটি ম্যাচ খেলেছিল টঙ্গী ও মুন্সিগঞ্জে। ১২ ফেব্রুয়ারি টঙ্গীতে সর্বশেষ খেলার পর টানা ৬টি ম্যাচ তারা নিজেদের মাঠ কিংস অ্যারেনায় খেলছে এবং জিতেছে।

ম্যাচে উত্তেজনা ছড়িয়েছিল বেশ
ছবি: প্রথম আলো

দেড় মাস পর ঢাকার বাইরে খেলতে নামা একটু চ্যালেঞ্জই ছিল কিংসের কাছে। সেই চ্যালেঞ্জ আটকে গেল আবাহনীর সামনে। টানা আট ম্যাচ জয়ের পর আজ তারা প্রথম পয়েন্ট হারাল।

এর আগে দুদলের ৭ সাক্ষাতে ৪ বার জেতে কিংস। একটি ড্র। আবাহনীর ২ জয়। ১৮ ডিসেম্বর স্বাধীনতা কাপের ফাইনালে সর্বশেষ সাক্ষাতে আকাশি–নীলেরা ৩-০ গোলে উড়িয়ে দেয় কিংসকে। তাই আজকের ম্যাচটা কিংসের কাছে ছিল প্রতিশোধ নেওয়ার। প্রতিশোধ নেওয়া হলো না।