লাল কার্ড, তবু নীরব মরিনহো!

রেফারির সিদ্ধান্ত তাঁর দলের বিপক্ষে নিতে প্রচারাভিযান চলছে—গত মৌসুমেই সাউদাম্পটন ম্যাচের পর এমন বেফাঁস মন্তব্য করে ২৫ হাজার পাউন্ড জরিমানা গুনেছিলেন। সেটি হয়তো মাথায় ছিল। এবেলা তাই চুপ থাকলেন হোসে মরিনহো। নতুন মৌসুমের প্রথম ম্যাচেই সোয়ানসি সিটির সঙ্গে ড্রয়ের পর কোনো কথা বলতে চাইলেন না। ভাবা যায়, এ ম্যাচের ৫২ মিনিটে গোলরক্ষক থিবো কোর্তোয়া লাল কার্ড পেলেও কোনো মন্তব্য করতে রাজি হননি চেলসি কোচ!
গত পরশু ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে ওই লাল কার্ডের আগে এগিয়ে ছিল প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরাই। ২৩ মিনিটে ফ্রি-কিক থেকে অস্কারের গোলের পর ২৯ মিনিটে সোয়ানসিকে সমতায় আনেন এই মৌসুমেই দলে যোগ দেওয়া ঘানার মিডফিল্ডার আন্দ্রে আইয়ু। এক মিনিট পর আবার আত্মঘাতী গোলে চেলসিকে ‘এগিয়ে নেন’ সোয়ানসি ডিফেন্ডার ফেদেরিকো ফার্নান্দেজ। আর দ্বিতীয়ার্ধে কোর্তোয়ার লাল কার্ডের ঘটনায় পাওয়া পেনাল্টি থেকে সোয়ানসিকে আবার সমতায় ফেরান বাফেতিম্বি গোমিস। আর তাই ১৯৮০ সালের পর প্রথম চেলসির মাঠ থেকে পরাজয় এড়িয়ে বাড়ি ফিরল দক্ষিণ ওয়েলসের দলটি।
খেলা ছাপিয়ে বড় হয়ে উঠেছে কোর্তোয়ার লাল কার্ডই। জনজো শেলভির দুর্দান্ত পাসে ভেসে আসা বলটিকে নিয়ন্ত্রণে নিতে চেলসি ডিফেন্ডারদের ফাঁক গলে ছুটছিলেন গোমিস। নিশ্চিত বিপদ দেখে গোলপোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন কোর্তোয়া। বলের নিয়ন্ত্রণ তো নিতে পারেননি, বেলজিয়ান গোলকিপার উল্টো পেনাল্টি বক্সের মাথায় ফাউল করে ফেলে দেন গোমিসকে। পেনাল্টি নিশ্চিতই ছিল, কিন্তু ‘সরাসরি গোলের পথে বাধা সৃষ্টির অভিযোগে’ লাল কার্ড দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল কি না তাই নিয়ে যত বিতর্ক। গোলপোস্ট আগলাতে চেলসির দুজন ডিফেন্ডার যে ততক্ষণে চলে এসেছিলেন পেনাল্টি বক্সে।
সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ মরিনহোর ব্যাখ্যাটা অবশ্য যথেষ্ট চটকদার, ‘আমি প্রতিক্রিয়া জানাতে চাই না যাতে আপনারা পরে বলতে না পারেন যে, ও প্রথম দিন থেকেই অভিযোগ করে আসছে। প্রথম দিনই আমরা শাস্তি পেয়েছি, তবে প্রথম দিনেই আমি মুখ খুলিনি।’
কমিউনিটি শিল্ডে আর্সেনালের কাছে পরাজয়ের পর লিগের শুরুতেই হোঁচট। আশঙ্কার ব্যাপার, দুটি ম্যাচেই মাঝমাঠে দাপট ছিল প্রতিপক্ষ দলগুলোর। দলবদলে অন্য দলগুলোর চেয়ে একটু চুপচাপই ছিল চেলসি। এর আগে দল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও এখন হয়তো নতুন খেলোয়াড় কেনার ব্যাপারে দ্বিতীয় চিন্তা করতে হতে পারে মরিনহোকে। এএফপি।
ইউরোপীয় ফুটবলের ফল
ইংলিশ প্রিমিয়ার লিগ
স্টোক সিটি ০: ১ লিভারপুল
আর্সেনাল ০: ২ ওয়েস্ট হাম
নিউক্যাসল ২: ২ সাউদাম্পটন
চেলসি ২: ২ সোয়ানসি সিটি
ফ্রেঞ্চ লিগ ওয়ান
তুলুজ ২: ১ সেঁত এতিয়েন
বোর্দো ১: ২ রেঁস
* স্বাগতিক দল প্রথমে