
গুনে গুনে তিনটা গুলি। রেফারির বুক এফোঁড়-ওফোঁড়। গুলি লাগল মাথায় আর ঘাড়েও। সবুজ মাঠে রক্তের প্লাবন। রেফারির অপরাধ? এক খেলোয়াড়কে দেখিয়েছিলেন লাল কার্ড। হন্তারক সেই খেলোয়াড়ই!
মর্মান্তিক এই ঘটনা ঘটেছে আর্জেন্টিনার ফুটবলে, ডিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসির আর্জেন্টিনায়! শুধু রেফারি নন, খ্যাপা সেই খেলোয়াড়ের এলোপাতাড়ি গুলিতে বিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এক খেলোয়াড়কেও। অবশ্য ওয়াল্টার জারাতে নামের সেই খেলোয়াড় এখন আশঙ্কামুক্ত। আর খুনি সেই খেলোয়াড় আপাতত পলাতক।
করদোবার ঘরোয়া ফুটবলে ঘটেছে এই ঘটনা। স্থানীয় দুটি দলের মধ্যে চলছিল ম্যাচ। নাম প্রকাশ না করা সেই খেলোয়াড়কে রেফারি সিজার ফ্লোরেস লাল কার্ড দেখান প্রতিপক্ষের একজনকে মারাত্মক ট্যাকল করায়। কার্ড দেখে বেরিয়ে যাওয়ার তিন মিনিটের মাথায় ক্ষুব্ধ সেই খেলোয়াড় ফের মাঠে ঢুকে গুলি চালিয়ে দেন। সেই পিস্তল কোথা থেকে এল, সেটাও পরিষ্কার নয়।
পুলিশ এখন সেই খুনি খেলোয়াড়কে খুঁজছে। ফক্স স্পোর্টস।