
দলের বড় অস্ত্র লি টাক লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন ৩৫ মিনিটে। ১০ মিনিট পরই পায়ে চোট নিয়ে মাঠ ছেড়ে যান আরেক ভরসা সানডে সিজোবা। পুরো লিগে প্রতিপক্ষের জালে যে ৩৮ বার বল ঢুকিয়েছে আবাহনী, তার ২৯টিই এই দুজনের অবদান! লিগের সর্বোচ্চ গোলদাতা সানডের গোল ১৯টি, বাকি ১০টি লি টাকের। সেই দুজনই যখন মাঠে নেই, শেখ রাসেল ক্রীড়াচক্রের জন্য তো ফাঁকা মাঠ পেয়ে যাওয়া! কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাগে পেয়েও আবাহনীকে কাল হারাতে পারেনি শেখ রাসেল। গোলশূন্যভাবে শেষ হয়েছে ম্যাচটি। বরং এই ম্যাচও জিতে যেতে পারত আবাহনী!
এই ড্রয়ে ক্ষতি হলো ঢাকা আবাহনীর, আর লাভ হলো চট্টগ্রাম আবাহনীর। ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই ঢাকা আবাহনী। এক ম্যাচ কম খেলে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চট্টগ্রামের দলটি। তাদের পরের ম্যাচের প্রতিপক্ষ ফেনী সকার, ওই ম্যাচে জিতলেই ঢাকা আবাহনীর সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে দাঁড়াবে মাত্র তিনে। আবাহনীর শিরোপাযাত্রায় কাল একটু হলেও হোঁচট লাগালেন লি টাক। পরের ম্যাচে আবাহনীর প্রতিপক্ষ শেখ জামাল, স্বাভাবিকভাবেই ওই ম্যাচে এই ব্রিটিশ স্ট্রাইকারকে পাচ্ছে না আকাশি-নীলরা।
৩৫ মিনিটে বল ছাড়াই শেখ রাসেলের স্ট্রাইকার জা ইকাঙ্গাকে পেছন থেকে ল্যাং মেরে ফেলে দেন লি। রেফারি মিজানুর রহমান সঙ্গে সঙ্গে দেখান লাল কার্ড।
তবে ১০ জনের দলকে হারাতে হলে যে শরীরী ভাষা থাকার প্রয়োজন, সেটি দেখা যায়নি শেখ রাসেলের খেলোয়াড়দের মধ্যে। কোচ শফিকুল ইসলাম মানিক দ্বিতীয়ার্ধে কৌশল বদলে খেলান তিন স্ট্রাইকারকে। ইকাঙ্গার সঙ্গী হন বদলি নামা এমিলি ও শাখাওয়াত রনি। কিন্তু কাজ তাতেও হয়নি। বরং আবাহনীই দুই প্রান্ত দিয়ে আক্রমণে উঠেছে। জুয়েল রানা ও জনাথন ডেভিড অবশ্য বক্সের মধ্যে ঢুকে সুযোগ নষ্ট করেছেন। আবাহনীর দুর্ভাগ্য, ৬৪ মিনিটে ইমন মাহমুদের জোরালো শটটি ক্রসবারে লেগে ফেরে! বাকি সময়ে অবশ্য দুই দলের কেউই আর গোল পায়নি। এই ম্যাচেই ঘরোয়া ফুটবলকে বিদায় জানান শেখ রাসেলের ডিফেন্ডার আমিনুল ইসলাম। মাঠেই তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা। যদিও মাঠে শেষ পর্যন্ত নামাই হয়নি তাঁর!
ম্যাচ শেষে শেখ রাসেলের কোচ শফিকুল ইসলাম মানিককে বেশ হতাশ লাগল, ‘খেলোয়াড়েরা যদি সুযোগের সদ্ব্যবহার না করতে পারে, তাহলে কিছুই বলার থাকে না। ওরা মনে হয় জয়ের ব্যাপারে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল।’
শেখ জামাল-ব্রাদার্স ম্যাচ ড্র: দিনের প্রথম ম্যাচটিও গোলশূন্যভাবে শেষ করেছে শেখ জামাল ও ব্রাদার্স। এই ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে শেখ জামাল পয়েন্ট তালিকার তিনে। ২৪ পয়েন্ট নিয়ে ছয়েই রইল ব্রাদার্স।
আজকের খেলা
মুক্তিযোদ্ধা-উত্তর বারিধারা, মোহামেডান-আরামবাগ
(বিকেল ৩-৩০ ও সন্ধ্যা ৬-১৫ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম, ঢাকা)।