
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে প্রায়ই মজা করেন জর্জ কোটান। আবাহনীর অস্ট্রিয়ান কোচ কাল ইংরেজি-বাংলা মিশিয়ে মজা করে বলছিলেন, ‘আই অলওয়েজ টিচ দ্য প্লেয়ারস, চুপ করো।’ কিন্তু রেফারি আজাদ রহমানের দেওয়া সিদ্ধান্ত নিয়ে চুপ থাকেননি আতিকুর রহমান ফাহাদ। রেফারির উদ্দেশে বাজে মন্তব্য করে ৪৯ মিনিটে লাল কার্ড দেখেন আবাহনীর এই মিডফিল্ডার। আখেরে সংখ্যাগত এই অসুবিধা ঘোচাতে পারেনি তাঁর দল। ৩-১ ব্যবধানে এগিয়েও আবাহনীকে শেষ পর্যন্ত ড্র মেনে নিতে হয় ৩-৩ গোলে।
এই ড্রয়ে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই শেখ জামাল। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠল আবাহনী। কালকের ম্যাচটি জিতে শেখ জামালকে টপকে যাওয়ার দারুণ সুযোগ ছিল। কিন্তু প্রথমার্ধে দুটি গোল করলেও আবাহনী নিশ্চিত সুযোগ নষ্ট করেছে তিনটি। পেনাল্টি থেকে গোল করতে পারেননি লি টাক। ম্যাচ শেষে জর্জ কোটানের কণ্ঠে অতৃপ্তি, ‘আমি একটু হতাশ। আমাদের ৩ পয়েন্ট পাওয়া উচিত ছিল।’
হতাশাকে সঙ্গী করেই সিলেট-পর্ব শেষ। সিলেটে প্রথম ম্যাচে শেখ রাসেলের সঙ্গে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ড্র। কাল জিততে জিততেও ১ পয়েন্ট। আসলে ফাহাদের লাল কার্ডের মাশুলই গুনতে হয়েছে আবাহনীকে।
সিলেটে ভাগ্যের ছোঁয়া পেয়েছে শেখ জামাল। গত ম্যাচেই ব্রাদার্সের পেনাল্টি ঠেকিয়েছেন, শেখ জামাল গোলরক্ষক মাকসুদুর কালও লি টাকের দুর্বল পেনাল্টি বাঁচিয়ে দিয়েছেন।
৪১ মিনিটে ওয়েডসনের গোলে প্রথমে এগিয়ে যায় শেখ জামাল। ৪৫ মিনিটে আবাহনীকে সমতায় ফেরান আতিকুর রহমান ফাহাদ (১-১)। প্রথমার্ধে যোগ হওয়া সময়ে শেখ জামালের ডিফেন্ডার লিঙ্কনের হাতে বল লাগলে পেনাল্টি পায় আবাহনী। কিন্তু লি টাকের দুর্বল শট ঠেকিয়ে দেন মাকসুদুর। পরের মিনিটেই অবশ্য দূরপাল্লার শটে গোল করে পুষিয়ে দেন তিনি (২-১)। ৪৯ মিনিটে বল দখলকে কেন্দ্র করে শরীফের সঙ্গে হাতাহাতি করেন ফাহাদ। শরীফ ও ফাহাদকে হলুদ কার্ড দেখান রেফারি। কিন্তু ওই সিদ্ধান্তের প্রতিবাদ করায় লাল কার্ড দেখেন ফাহাদ। কিন্তু ১০ জনের দল হয়েও ৫০ মিনিটে স্কোর ৩-১ করে আবাহনী। জুয়েল রানার ক্রসে দুর্দান্ত প্লেসিংয়ে গোল করেন সানডে। পরে ফাহাদের অভাবটা হাড়ে হাড়ে টের পেতে শুরু করে আবাহনী। সুযোগ কাজে লাগিয়ে ল্যান্ডিং ৩-২ করেন ৫৬ মিনিটে। ৭৬ মিনিটে ৩-৩ করেন ওয়েডসন।