লাল কার্ডের সঙ্গে প্রাণ বেঁধেছেন রামোস
কিছু বিষয় কখনো পাল্টায় না। এই ধরুন, সূর্য পশ্চিমে উঠে পূর্ব দিকে অস্ত যায়। ভুল মানুষেরই হয় কিংবা সের্হিও রামোস মাঠে নামলে লাল কার্ড দেখতে হয়!
না, সব ম্যাচেই যে রামোস লাল কার্ড দেখেন, সেটা বলা বাড়াবাড়ি। তবে স্প্যানিশ ডিফেন্ডার মাঠে নামলে লাল কার্ড দেখার আশঙ্কা অন্য যে কারও চেয়ে বেশি থাকে।
দলের প্রতি তাঁর নিবেদন, খেলার ধরন—যেকোনো বিচারেই কথাটা বলা যায়। তবে এই পুরোনো কথা নতুন করে বলারও কারণ আছে।
ফ্রেঞ্চ লিগ আঁ-তে কাল রাতে লোরিয়াঁর বিপক্ষে মাঠে নেমেছিলেন রামোস। পিএসজির হয়ে এটি ছিল তাঁর দ্বিতীয় ম্যাচ। নুনো মেন্দেজের বদলি হয়ে নামলেন ৪৬ মিনিটে।
৮১ মিনিটে দেখলেন প্রথম হলুদ কার্ড, এরপর ৮৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজি তারকা। ৯১ মিনিটে মাউরো ইকার্দি গোল না করলে ১-০ ব্যবধানের হার নিয়ে প্রতিপক্ষের মাঠ থেকে ফিরতে হতো পিএসজিকে। আশরাফ হাকিমির ক্রস থেকে ইকার্দি গোলটি করায় ১-১ ব্যবধানের ড্রয়ে অন্তত পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে মরিসিও পচেত্তিনোর দল।
পয়েন্ট টেবিলে ১৯তম লোরিয়াঁ টমাস মনকনদুইতের শট থেকে করা গোলে ৪০ মিনিটে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া দুটি গোলের সুযোগ পেয়েছিলেন। কাজে লাগাতে পারেননি।
বদলি হয়ে নামা রামোস ৮১ মিনিটে বিপৎসীমার ওপর বুট তুলে ফেলায় দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। এর ৫ মিনিট পরই লোরিয়াঁর তেরেম মফিকে ফাউল করে ক্যারিয়ারের ২৭তম লাল কার্ড দেখেন রামোস।
পিএসজির জার্সিতে লিগে দুই ম্যাচ মিলিয়ে এ পর্যন্ত ১৩০ মিনিট খেলেই প্রথম লাল কার্ড দেখলেন রামোস। তাঁর ২৭ লাল কার্ডের মধ্যে ২০টি লা লিগায়, ৫টি চ্যাম্পিয়নস লিগে, ১টি সুপার কোপা দে এসপানায় এবং অন্যটি কাল লিগ আঁ-তে।
চোটসমস্যায় পিএসজির হয়ে নিয়মিত খেলতে পারেননি রিয়াল মাদ্রিদের সাবেক এ ডিফেন্ডার। ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পিএসজি। লেঁসকে ২-১ গোলে হারানো নিস ১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে। ১৮ ম্যাচে নিসের সমান পয়েন্ট নিয়ে তৃতীয় মার্শেই ১-১ গোলে ড্র করে রিমের বিপক্ষে।