লাল কার্ডের 'রাজা' রামোস?

সরাসরি লাল কার্ড দেখতে পারতেন দ্বিতীয়ার্ধের শুরুতেই। তেড়েফুঁড়ে আসা দেপোর্তিভোর সুইস ফুলব্যাক ফ্যাবিয়ান শারকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন সার্জিও রামোস। হলুদ কার্ড দেখে সে যাত্রায় বেঁচে গেলেও শাস্তি থেকে শিক্ষা নেননি রিয়াল অধিনায়ক। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বাতাসে বলের দখল নিতে গিয়ে কনুই মেরে বসেন দেপোর্তিভো উইঙ্গার বোরজা ভ্যালেকে। এই অপরাধে দ্বিতীয় হলুদ কার্ডটা দেখতেই হয়েছে তাঁকে। লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেলেও রিয়ালকে পোড়াচ্ছে রামোসের এই লাল কার্ডই।
রিয়ালে এক যুগের ক্যারিয়ারে এ নিয়ে ২৩তম লাল কার্ডটি দেখলেন রামোস। এর মধ্যে শুধু লা লিগাতেই ১৮ বার লাল কার্ড দেখে এক রেকর্ডেই ভাগ বসিয়েছেন ৩১ বছর বয়সী এ ডিফেন্ডার। স্পেনের শীর্ষস্থানীয় লিগে এর আগে সর্বোচ্চ ১৮ বার করে লাল কার্ড দেখার রেকর্ড গড়েছিলেন পাবলো আলফারো ও জাভি আগুয়াদো। সেভিয়া ও রিয়াল জারাগোজার সাবেক দুই ডিফেন্ডারের সঙ্গে ব্র্যাকেটবন্দী এখন রামোসও।
লিগের প্রথম ম্যাচে জয়টা তৃপ্তি এনে দিলেও রামোসের লাল কার্ডটা খোঁচাচ্ছে কোচ জিনেদিন জিদানকে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সার্জিওর সঙ্গে যা ঘটেছে, তাতে আমি মোটেও খুশি নই। নিজের খেলোয়াড়দের মাঠ ছাড়তে দেখলে ভালো লাগে না। কিন্তু এখন আমরা তা পাল্টাতে পারব না। তবে সামগ্রিকভাবে নিজেদের পারফরম্যান্সে আমরা খুশি হতে পারি।’
লাল কার্ড মেনে নিতে না পারলেও রেফারির সিদ্ধান্তকে সম্মান করছেন রামোস। তবে লা লিগার রেফারিদের ইংলিশ ফুটবলের দিকে তাকানোর পরামর্শও দিয়েছেন তিনি, ‘কার্ডের সঙ্গে আমি একমত নই, তবে রেফারির সিদ্ধান্তকে সম্মান করি। মাঝেমধ্যে রেফারিদের ইংলিশ ফুটবল দেখা উচিত, আমাদের আরও বেশি খেলতে দেওয়া উচিত। ইউরোপে তাদের এই ব্যাপারটা আমার পছন্দ, রেফারিরা অনেক বেশি উদার।’ সূত্র: মার্কা, এএফপি